Calcutta Television Network

প্রায় চার দশকের যাত্রার ইতি, সমুদ্রে মিলিয়ে গেল বিশাল হিমশৈল!

প্রায় চার দশকের যাত্রার ইতি, সমুদ্রে মিলিয়ে গেল বিশাল হিমশৈল!

2 September 2026 , 03:08:04 pm

প্রায় ৪০ বছর ধরে অ্যান্টার্কটিকার আশপাশের সমুদ্রে ঘুরে বেড়ানোর পর শেষ পর্যন্ত অস্তিত্ব হারাল এককালীন বিশ্বের সর্ববৃহৎ হিমশৈল A23a। কয়েক দশকের দীর্ঘ যাত্রার অবসান।উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে গলতে গলতে একসময় টুকরো হয়ে যায় বিশাল এই বরফখণ্ড। ২০২৬ সালের মে মাস নাগাদ সমুদ্রের জলেই বিলীন হয়ে যায় তার অন্তিম চিহ্ন। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল A23a। আয়তনে এটি ছিল প্রায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সমান। বিচ্ছিন্ন হওয়ার পর এটি একই এলাকায় আটকে ছিল দীর্ঘ সময়। প্রায় তিন দশকেরও বেশি সময় পরে, ২০২০ সালে ফের গতি পায় এই হিমশৈলটি। তার পর দক্ষিণ মহাসাগরের স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে বহু দূর এগিয়ে যায় A23a। এই দীর্ঘ পথচলায় প্রকৃতির নানা বাধার মুখে পড়তে হয়েছিল এই বরফখন্ডকে। কখনও শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণির মধ্যে আটক হওয়া, আবার কখনও স্রোতের টানে এগিয়ে গিয়েছিল কোন সুদূরে।

সাউথ জর্জিয়া দ্বীপের কাছেও এক সময় এর গতি স্তব্ধ হয়ে যায়। শুধু বরফের বিশাল স্তূপ হিসাবেই নয়, A23a-কে ঘিরে তৈরি হয়েছিল আলাদা এক বাস্তুতন্ত্র। তিমি, পেঙ্গুইন এবং সিল-সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী এর আশপাশের এলাকায় বিচরণ করতে শুরু করে। সে কারণে অনেকের কাছেই এটি ছিল সমুদ্রের বুকে ভেসে চলা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। এই হিমশৈলটিকে ঘিরে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছিল একসময়। বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি সোভিয়েত গবেষণা কেন্দ্রের ধ্বংসাবশেষ এর নিকটবর্তী এলাকায় খুঁজে পাওয়া যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হতে শুরু করে। উষ্ণ জল ও সমুদ্রস্রোতের প্রভাবে দ্রুত ক্ষয় হতে থাকে বিশাল বরফখণ্ডটি। ২০২৫ সালের মাঝামাঝি তার আয়তন এতটাই হ্রাস পায় যে বিশ্বের বৃহত্তম হিমশৈলের পরিচয়ও হারায় A23a। শেষ পর্যন্ত ২০২৬ সালের মে মাসে টুকরো টুকরো হয়ে যায় প্রায় চার দশক ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে চলা এই সুবিশাল হিমশৈল। সমুদ্রে মিলিয়ে গেলেও পৃথিবীর ইতিহাসে A23a-এর দীর্ঘ যাত্রা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN