Calcutta Television Network

দানবীয় টাইটানোবোয়া, পৃথিবীর বুক কাঁপানো সর্বকালের বৃহত্তম সাপ

দানবীয় টাইটানোবোয়া, পৃথিবীর বুক কাঁপানো সর্বকালের বৃহত্তম সাপ

24 August 2026 , 05:44:59 pm

আজ থেকে প্রায় ৬ কোটি বছর আগের কথা। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবী তখন এক রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে বর্তমান দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার এক ঘন, আর্দ্র এবং প্রচণ্ড উষ্ণ রেইনফরেস্টে রাজত্ব করত এক আদিম দানব—টাইটানোবোয়া (Titanoboa cerrejonensis)। এটি পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত আবিষ্কৃত সর্বকালের বৃহত্তম, দীর্ঘতম এবং সবচেয়ে ভারী সাপ। ২০০৯ সালে এই সাপের জীবাশ্ম আবিষ্কারের পরে, প্রাগৈতিহাসিক জীবজগৎ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা পুরোপুরি বদলে যায়।

২০০৯ সালে কলম্বিয়ার বিখ্যাত সেরেজন (Cerrejón) কয়লাখনিতে জীবাশ্মবিদদের একটি আন্তর্জাতিক দল খননকাজ চালানোর সময় কিছু হাড়ের টুকরো খুঁজে পান। স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথমে সেগুলোকে কোনো প্রাচীন স্তন্যপায়ী প্রাণীর হাড় মনে করেছিলেন।পরবর্তীতে গবেষণায় দেখা যায়, সেগুলো আসলে একটি অতিকায় সাপের মেরুদণ্ডের কশেরুকা (Vertebrae)। বিজ্ঞানীরা সেখানে প্রায় ২৮টি পৃথক টাইটানোবোয়ার জীবাশ্মের অংশবিশেষ এবং তাদের মাথার খুলির হাড় খুঁজে পান। এই আবিষ্কারটি প্রাগৈতিহাসিক সরীসৃপ গবেষণায় এক নতুন দিগন্তের উন্মোচন করে।

আধুনিক যুগের সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা বা রেটিকুলেটেড পাইথনকে যদি টাইটানোবোয়ার পাশে রাখা হয়, তবে সেটিকে স্রেফ কেঁচোর মতো দেখাবে। বিজ্ঞানীদের গাণিতিক ও শারীরিক মডেলিং অনুযায়ী এর শারীরিক গঠন ছিল, লম্বায় প্রায় ৪২ থেকে ৪৭ ফুট (১২.৮ থেকে ১৪.৩ মিটার) পর্যন্ত হতো। এটি একটি আধুনিক স্কুল বাসের চেয়েও দীর্ঘ। এর ওজন ছিল প্রায় ১,১৩৫ কেজি (প্রায় ২,৫০০ পাউন্ড) বা ১ টনেরও বেশি। শরীরের মধ্যভাগ এতটাই চওড়া ছিল যে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে এটি অনায়াসে গিলে ফেলতে পারত। এর শরীরের ব্যাস ছিল প্রায় ৩ ফুট (১ মিটার)।

টাইটানোবোয়ার আবিষ্কার জীববিজ্ঞানের পাশাপাশি, জলবায়ু বিজ্ঞানীদের জন্য একটি বড় ধাঁধার সমাধান করেছে। সাপ হলো শীতল রক্তের (Ectothermic) প্রাণী। অর্থাৎ, এদের শরীরের তাপমাত্রা নিজস্ব প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় না, বরং পারিপার্শ্বিক আবহাওয়ার ওপর নির্ভর করে।বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, টাইটানোবোয়ার মতো এত বিশাল একটি ঠান্ডা রক্তের প্রাণীর বেঁচে থাকার এবং তার বিপাক প্রক্রিয়া (Metabolism) সচল রাখার জন্য প্রচুর বাহ্যিক তাপের প্রয়োজন ছিল। এর ওপর ভিত্তি করে গবেষকরা অনুমান করেন যে, প্যালিওসিন যুগে (Paleocene Epoch) ক্রান্তীয় অঞ্চলের গড় বার্ষিক তাপমাত্রা ছিল প্রায় ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানের তুলনায় সেই সময়ের পৃথিবী অনেক বেশি উষ্ণ এবং আর্দ্র ছিল, যা এই মেগাফনাদের (Megafuna) বৃদ্ধিতে সাহায্য করেছিল।[

টাইটানোবোয়া তার বাস্তুতন্ত্রের শীর্ষে থাকা শিকারীদের একজন (Apex Predator) ছিল। এটি আধুনিক অ্যানাকোন্ডার মতো জলাভূমি, বড় নদী এবং হ্রদের অববাহিকায় বাস করত। শরীরের অতিরিক্ত ওজনের কারণে, ডাঙ্গার চেয়ে জলেই এর চলাফেরা এর কাছে সহজ ছিল। অজগরের মতো এটিও ছিল একটি কনস্ট্রিক্টর (Constrictor), যা শিকারকে নিজের শরীরের প্রচণ্ড কুন্ডলী দিয়ে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে এবং রক্তসঞ্চালন বন্ধ করে মেরে ফেলত। টাইটানোবোয়ার চাপের ক্ষমতা ছিল প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ৪০০ পাউন্ড, যা ৪টি আইফেল টাওয়ারের নিচে চাপা পড়ার সমতুল্য। এর প্রধান খাদ্য ছিল প্রাগৈতিহাসিক অতিকায় কচ্ছপ, বিশালাকার মাছ এবং ডিরোসরস (Dyrosaurids)—যা ছিল আধুনিক কুমিরের ১২-১৫ ফুট লম্বা আদিম পূর্বপুরুষ। প্যালিওসিন যুগের শেষে এবং ইওসিন যুগের শুরুতে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। গড় তাপমাত্রা হ্রাস পাওয়া এবং রেইনফরেস্টের পরিবেশ বদলে যাওয়ার কারণে, টাইটানোবোয়ার মতো বিশাল প্রাণীর পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। তাপমাত্রা কমে যাওয়ায় তাদের বিপাক ক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং সেই সাথে খাদ্যের সংকট তৈরি হওয়ায় প্রায় ৫ কোটি ৬০ লক্ষ বছর আগে এই দানবীয় প্রজাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN