প্রাগৈতিহাসিক পৃথিবীর অজানা অধ্যায় আবারও উন্মোচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পেট্রোফাইড ফরেস্ট ন্যাশনাল পার্কে আবিষ্কৃত হল এক বিস্ময়কর সরীসৃপ-যার গড়নে একসঙ্গে মেলে কুমির ও ডাইনোসরের ছাপ। গবেষকেরা এই নতুন প্রজাতির নাম দিয়েছেন 'সনসেলাসুচাস সেড্রাস'।
প্রায় ২০ কোটি বছর আগে, অর্থাৎ জুরাসিক যুগের শুরুর দিকে পৃথিবীতে বিচরণ করত এই অদ্ভুত প্রাণী। গবেষণাটি প্রকাশিত হয়েছে 'জার্নাল অফ ভার্টিব্রেট প্যালিওন্টোলজি'-এ। বিজ্ঞানীদের মতে, এটি ছিল কুমিরের আদিম আত্মীয়দের ঘনিষ্ঠ হলেও ডাইনোসরের সঙ্গে সরাসরি সম্পর্কহীন এক ভিন্ন গোত্রের প্রাণী।
সবচেয়ে চমকপ্রদ বিষয়... এর চলাফেরার ধরন বয়সের সঙ্গে বদলে যেত। ছোটবেলায় চার পায়ে হাঁটলেও বড় হওয়ার পর এটি দু’পায়ে ভর দিয়ে চলত, যা ডাইনোসরের মতো বৈশিষ্ট্যের ইঙ্গিত দেয়। জীবাশ্ম বিশ্লেষণে দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিছনের পা লম্বা ও শক্তিশালী হয়ে ওঠে, আর সামনের পা তুলনামূলক ছোটই থেকে যায়।
চেহারাতেও ছিল বিস্ময়কর বৈশিষ্ট্য। আধুনিক কুমিরের মতো দাঁত নয়-বরং পাখির মতো শক্ত চঞ্চু ছিল এই প্রাণীর। গবেষকেরা মনে করছেন, এটি সম্ভবত উদ্ভিদভোজী ছিল, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এই প্রজাতি Shuvosauridae গোত্রের অন্তর্গত-যাদের মধ্যে ডাইনোসরের থেরোপডদের সঙ্গে আশ্চর্য মিল দেখা যায়। বিজ্ঞানীরা এটিকে 'অভিসারী বিবর্তন' বা Convergent Evolution-এর এক উজ্জ্বল উদাহরণ বলেই মনে করছেন।