বিবর্তনের ইতিহাসে নতুন চমক এনে দিল এক প্রাচীন জীবাশ্ম। বিজ্ঞানীরা প্রথম বারের মতো প্রমাণ পেলেন যে আধুনিক স্তন্যপায়ীদের পূর্বসূরিরাও একসময় ডিম পাড়ত। দক্ষিণ আফ্রিকায় পাওয়া প্রায় ২৫ কোটি বছরের পুরনো এক জীবাশ্ম ঘিরেই মিলেছে এই গুরুত্বপূর্ণ তথ্য।
স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য হল সন্তান প্রসব করা। যদিও প্লাটিপাস (Platypus) এবং একিডনা (Echidna)-র মতো কিছু বিরল প্রাণী এখনও ডিম পাড়ে। তাই বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণা ছিল, স্তন্যপায়ীদের আদিম পূর্বসূরিরাও হয়তো ডিম থেকেই জন্ম দিত। কিন্তু এতদিন তার কোনও প্রত্যক্ষ প্রমাণ মেলেনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয়েছে বিলুপ্ত প্রাণী লিসট্রোসরাস (Lystrosaurus)-এর একটি ডিমের জীবাশ্ম। এই প্রাণীটি ছিল থেরাপসিড গোত্রের সদস্য, যাদের আধুনিক স্তন্যপায়ীদের পূর্বপুরুষ বলে মনে করা হয়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে PLOS ONE-এ।
গবেষকরা অত্যাধুনিক এক্স-রে প্রযুক্তির সাহায্যে জীবাশ্মটি পরীক্ষা করে দেখেন, ডিমের ভিতরে কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি মৃত ভ্রূণ। অর্থাৎ, এটি যে সত্যিই একটি ডিম ছিল, তা নিশ্চিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দেন জুলিয়েন বেনোয়া (Julien Benoit), যিনি জানিয়েছেন- এটি স্তন্যপায়ী বিবর্তনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
লিসট্রোসরাস ছিল প্রায় ৩ থেকে ৪ ফুট লম্বা তৃণভোজী প্রাণী। পৃথিবীর ইতিহাসে ভয়াবহ 'দ্য গ্রেট ডাইং' গণবিলুপ্তির সময়েও তারা টিকে ছিল। বিজ্ঞানীদের ধারণা, তুলনামূলক বড় ডিম এবং অপেক্ষাকৃত উন্নত শাবক জন্মানোর ক্ষমতাই তাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিল।