প্লাস্টিক দূষণে যখন বিশ্ব জর্জরিত, তখন এক চমকপ্রদ সমাধান নিয়ে হাজির ইতালির বিজ্ঞানীরা। এমন এক বিশেষ জলজ উদ্ভিদ তৈরি হয়েছে, যা নদীর জল থেকে মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতু শুষে নিতে পারে-ঠিক যেন প্রাকৃতিক ‘ভ্যাকুয়াম ক্লিনার’!
এই উদ্ভিদের নাম 'পিস্তিয়া ম্যাগনিফিকা'। এটি আসলে পরিচিত 'ওয়াটার লেটুস'-এর জিনগতভাবে উন্নত রূপ। এর শিকড়ে থাকা বিশেষ লিগনিন-মডিফাইড এনজাইম প্লাস্টিক কণা যেমন পলিথিন বা পলিস্টাইরিনকে আটকে ফেলে এবং ধীরে ধীরে শোষণ করে নেয়।
গবেষণায় দেখা গেছে, মাত্র ১ বর্গমিটার এলাকায় থাকা এই গাছ এক ঘণ্টায় প্রায় ১০০ লিটার জল থেকে ৯২% পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক সরিয়ে ফেলতে সক্ষম। শোষিত বর্জ্য গাছের শরীরেই জমা থাকে, পরে সেটিকে নিরাপদে পুড়িয়ে তাপশক্তি উৎপাদনও করা যায়-অর্থাৎ দূষণ থেকেই তৈরি হচ্ছে শক্তি!
এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল-এতে কোনও বড় যন্ত্র, বিদ্যুৎ বা ব্যয়বহুল পরিকাঠামোর প্রয়োজন নেই। গাছটি জলের উপর ভেসে থেকে নিজেই কাজ করে এবং দ্রুত বংশবৃদ্ধিও করে। ইতিমধ্যেই ইতালির বিভিন্ন জলাশয়ে এটি ব্যবহার শুরু হয়েছে, আর ইউনাইটেড নেশনও এই প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে।
ভারতের মতো দেশে, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য নদীতে মিশছে, এই উদ্ভাবন হতে পারে যুগান্তকারী। বিশেষ করে গঙ্গা ও যমুনার মতো নদীগুলির দূষণ কমাতে এটি কার্যকর ভূমিকা নিতে পারে।