Calcutta Television Network

ক্রিটেশিয়াস যুগের বিস্ময়! স্ফটিকে ধরা পড়ল আদিম পিঁপড়ে...

ক্রিটেশিয়াস যুগের বিস্ময়! স্ফটিকে ধরা পড়ল আদিম পিঁপড়ে...

5 March 2026 , 03:18:57 pm

ডাইনোসরের যুগ মানেই বিশাল আকারের দানবীয় প্রাণীর কথা মনে পড়ে। কিন্তু সেই সময় পৃথিবীতে ছিল আরও এক বিস্ময়কর জগৎ-ক্ষুদ্র কীটপতঙ্গের জগৎ। সাম্প্রতিক এক গবেষণায় কোটি কোটি বছর আগের সেই কীটপতঙ্গের অস্তিত্বের প্রমাণ মিলেছে জীবাশ্মে পরিণত হওয়া স্ফটিক বা ‘অ্যাম্বার’-এর মধ্যে।


প্রায় ১০ কোটি বছর আগে, যখন ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত, তখন তাদের সঙ্গেই ছিল নানা প্রজাতির পিঁপড়ে। গবেষকদের হাতে এসেছে এমন কয়েকটি স্ফটিক, যার ভিতরে আটকে আছে সেই আদিম কালের পোকামাকড়ের জীবাশ্ম। এই স্ফটিক আসলে গাছের রজন থেকে তৈরি, যা সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয়ে জীবাশ্মে পরিণত হয়। কখনও কখনও সেই রজনের মধ্যে পোকামাকড় আটকে পড়ে এবং কোটি বছর ধরে অক্ষত অবস্থায় সংরক্ষিত থাকে।

স্পেনের একদল গবেষক ছয়টি এমন স্ফটিক বিশ্লেষণ করে দেখেছেন। তার মধ্যে চারটি ক্রিটেশিয়াস যুগের-প্রায় ৯ কোটি ৯০ লক্ষ বছর পুরনো। এই যুগটিই ছিল ডাইনোসরদের শেষ সময়কাল। ওই স্ফটিকগুলির একটিতে পাওয়া গেছে এক ধরনের আদিম পিঁপড়ের জীবাশ্ম, যাকে বলা হয় ‘স্টেম অ্যান্ট’। এই পিঁপড়েরা ক্রিটেশিয়াস যুগের শুরুতে জন্মেছিল এবং পরে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। আজকের পৃথিবীতে এদের কোনও সরাসরি উত্তরসূরি নেই।


বর্তমানের পিঁপড়েরা এসেছে অন্য একটি বিবর্তিত গোষ্ঠী ‘ক্রাউন অ্যান্ট’ থেকে, যারও জীবাশ্ম পাওয়া গেছে ওই স্ফটিকগুলির মধ্যে। গবেষণায় আরও দেখা গেছে, সেই সময় পিঁপড়েদের আশপাশে প্রায়ই থাকত মাইট নামে এক ধরনের আটপেয়ে পরজীবী। বেশ কয়েকটি স্ফটিকে পিঁপড়ে, মাইট, বোলতা এবং অন্যান্য পোকামাকড়কে খুব কাছাকাছি অবস্থায় দেখা গেছে, যেন তারা একই পরিবেশে একসঙ্গে বাস করত।

গবেষকদের মতে, এই জীবাশ্ম-স্ফটিকগুলি সেই প্রাগৈতিহাসিক সময়ের ক্ষুদ্র প্রাণীদের জীবনযাপন ও পারস্পরিক সম্পর্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। বিশেষ করে পিঁপড়ে ও মাইটের মধ্যে এক ধরনের নির্ভরশীল সম্পর্ক ছিল বলেই ধারণা করা হচ্ছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN