Calcutta Television Network

টিকিট, ট্র্যাকিং, খাবার... সব এক অ্যাপে! 'রেল ওয়ান'-এই রেলের ডিজিটাল বিপ্লব

টিকিট, ট্র্যাকিং, খাবার... সব এক অ্যাপে! 'রেল ওয়ান'-এই রেলের ডিজিটাল বিপ্লব

24 February 2026 , 06:29:48 pm

টিকিট কাটতে এক অ্যাপ, লাইভ ট্রেন স্ট্যাটাস জানতে আরেকটি, অভিযোগ জানাতে অন্য প্ল্যাটফর্ম... এই ঝক্কি এবার অতীত। ভারতীয় রেল নিয়ে এল এক ছাতার তলায় সব পরিষেবা জুড়ে দেওয়া নতুন ডিজিটাল সমাধান... Rail One। যাত্রী সুবিধাকে আরও সহজ ও দ্রুত করতে এই অ্যাপকে বলা হচ্ছে রেলের বড় ডিজিটাল পদক্ষেপ।

এবার এক অ্যাপেই কাটা যাবে এক্সপ্রেস থেকে লোকাল ট্রেনের টিকিট। এমনকি রাজধানী এক্সপ্রেসের তৎকাল টিকিট, প্ল্যাটফর্ম টিকিট বা মাসিক সিজন টিকিট-সবই মিলবে হাতের মুঠোয়। পাশাপাশি, লাইভ ট্রেন স্ট্যাটাস ও পিএনআর ট্র্যাকিংয়ের সুবিধাও থাকছে। ট্রেন দেরি করলে বা কোন কামরা ঠিক কোথায় এসে দাঁড়াবে... সেই তথ্যও আগেভাগেই জানাবে অ্যাপ।

খাবার বুকিংয়ের ক্ষেত্রেও বড় সুবিধা। ই-ক্যাটারিংয়ের মাধ্যমে অর্ডার করলে খাবার পৌঁছে যাবে সরাসরি সিটে। শুধু তাই নয়, যাত্রী সুরক্ষাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসাগত সহায়তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ... সবই সরাসরি অ্যাপের মাধ্যমে জানানো যাবে।

বর্তমান Indian Railway Catering and Tourism Corporation (আইআরসিটিসি) বা UTS on Mobile ব্যবহারকারীরা তাঁদের পুরনো লগইন তথ্যই ব্যবহার করতে পারবেন। একবার লগ-ইনের পর ৬ অঙ্কের এমপিন বা বায়োমেট্রিক ফেস আইডি দিয়ে সহজে প্রবেশের সুবিধা থাকছে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট ওয়ালেট। অসংরক্ষিত টিকিট কাটলে মিলবে ৩ শতাংশ পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক।

রেলের দাবি, এটি কেবল একটি অ্যাপ নয় বরং ডিজিটাল রূপান্তরের এক বড় ধাপ। প্রযুক্তির হাত ধরে যাত্রী পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতেই এই উদ্যোগ। রেলযাত্রা এবার আরও স্মার্ট, আরও সহজ... ‘রেল ওয়ান’ই কি হবে ভবিষ্যতের একমাত্র ভরসা? সময়ই দেবে উত্তর। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN