ভিড় বাস, ট্রেন বা অফিসে বসে ফোন ব্যবহার করার সময় অনেকেই লক্ষ্য করেছেন-পাশে দাঁড়িয়ে থাকা কেউ সহজেই ফোনের স্ক্রিনে কী চলছে তা দেখে ফেলতে পারে। ব্যবহারকারীর এই গোপনীয়তার সমস্যা দূর করতে নতুন প্রযুক্তি এনেছে Samsung। তাদের নতুন Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনে যুক্ত হয়েছে অত্যাধুনিক 'প্রাইভেসি ডিসপ্লে'।
এই প্রযুক্তির মূল লক্ষ্য হল-ফোনের স্ক্রিন যেন শুধুমাত্র ব্যবহারকারীই দেখতে পারেন, পাশ থেকে কেউ নয়।
স্মার্টফোনের ডিসপ্লে অসংখ্য ক্ষুদ্র আলোকবিন্দু দিয়ে তৈরি, যেগুলিকে বলা হয় পিক্সেল। সাধারণত এই পিক্সেল থেকে আলো শুধু সামনে নয়, পাশের দিকেও ছড়িয়ে পড়ে। ফলে সোজাসুজি বা কোনাকুনি-দুই দিক থেকেই ফোনের স্ক্রিন দেখা যায়। আর এই কারণেই আশপাশের মানুষও অনায়াসে স্ক্রিনের তথ্য দেখে ফেলতে পারেন।
নতুন 'প্রাইভেসি ডিসপ্লে' প্রযুক্তিতে এখানেই পরিবর্তন এনেছে স্যামসাং। গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন পিক্সেলগুলো নিয়ন্ত্রণ করা হয়, যেগুলি পাশের দিকে আলো ছড়িয়ে দেয়। প্রয়োজন অনুযায়ী সেই পিক্সেলগুলো বন্ধ বা সীমিত করে দেওয়া হয়।
ফলে ব্যবহারকারী যখন ফোনের সামনে থেকে স্ক্রিন দেখেন, তখন সব কিছু স্বাভাবিকভাবেই দেখা যায়। কিন্তু পাশ থেকে কেউ তাকালে স্ক্রিন অনেকটাই অন্ধকার বা অস্পষ্ট হয়ে যায়। ফলে ব্যক্তিগত তথ্য, ছবি বা মেসেজ অন্যের চোখে পড়ার সম্ভাবনা কমে যায়।
এই প্রযুক্তিকে অনেকটা টর্চের আলোর মতো বলে ব্যাখ্যা করেন বিশেষজ্ঞরা। যেমন টর্চের আলো যদি ছড়িয়ে যায়, তখন সেটিকে নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত করা হয়-ঠিক তেমনই এই ডিসপ্লে প্রযুক্তি আলোকে নির্দিষ্ট দিকেই সীমাবদ্ধ রাখে।
তবে আপাতত এই সুবিধা সব ফোনে নয়, মূলত গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলেই পাওয়া যাবে। ভবিষ্যতে এই প্রযুক্তি আরও অনেক স্মার্টফোনে ব্যবহার হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।