ভারতে ৫জি পরিষেবা চালু হওয়ার পর থেকেই দ্রুতগতির ইন্টারনেট উপভোগ করছেন কোটি কোটি গ্রাহক। কিন্তু সেই সুখের দিন হয়তো আর বেশিদিন স্থায়ী হবে না। সূত্রের খবর, রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভার ভারতী এয়ারটেল (Bharti Airtel)-এর মতো মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবার আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা বন্ধ করার পথে হাঁটতে পারে। তার বদলে আনা হতে পারে বিশেষ ‘প্রিমিয়াম ৫জি প্ল্যান’, যার জন্য গ্রাহকদের গুনতে হতে পারে অনেক বেশি টাকা।
কয়েক বছর আগে ভারতে ৫জি পরিষেবা চালু হওয়ার সময় গ্রাহক টানতে একাধিক আকর্ষণীয় অফার এনেছিল টেলিকম সংস্থাগুলি। বিশেষ করে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে বহু মানুষ দ্রুত ৪জি থেকে ৫জি নেটওয়ার্কে চলে আসেন। ইন্টারনেটের গতি বৃদ্ধি, দ্রুত ডাউনলোড এবং স্মুথ স্ট্রিমিংয়ের সুবিধা তখন প্রযুক্তিপ্রেমীদের কাছে ছিল বড় আকর্ষণ।
তবে দীর্ঘদিন কম খরচে বিপুল পরিমাণ ডেটা পরিষেবা দিয়ে আর্থিক চাপ বাড়ছিল সংস্থাগুলির উপর। তাই এবার ৫জি পরিষেবাকে আরও লাভজনক করতে নতুন কৌশল নিতে পারে তারা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের প্রিমিয়াম প্ল্যানে আরও দ্রুতগতির ইন্টারনেট মিলতে পারে ঠিকই, কিন্তু তার জন্য বাড়বে মাসিক রিচার্জ খরচও।
এই সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে। কারণ এখনও দেশের বহু জায়গায় ৫জি পরিষেবা পুরোপুরি পৌঁছয়নি। অনেকের দাবি, নতুন খরচ চাপানোর আগে ৪জি পরিষেবাকে আরও উন্নত এবং স্থিতিশীল করা উচিত।
এর মধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধি ও বাজারদরের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে যদি মোবাইল রিচার্জের খরচও বাড়ে, তবে ডিজিটাল পরিষেবা ব্যবহার করা মধ্যবিত্তের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে।