Calcutta Television Network

ভাবছেন ইনকগনিটো মানেই সম্পূর্ণ গোপনীয়তা? জানুন কী কী তথ্য থেকে যায়

ভাবছেন ইনকগনিটো মানেই সম্পূর্ণ গোপনীয়তা? জানুন কী কী তথ্য থেকে যায়

7 September 2026 , 03:16:37 pm

অনেকেই ব্যক্তিগত কোনও বিষয় সন্ধানে কিংবা নির্দিষ্ট কিছু ওয়েবসাইট খুলে দেখার ক্ষেত্রে গুগল ক্রোমের ইনকগনিটো মোড ব্যবহার করে থাকেন। তাঁদের ধারণা, এই মোড চালু করলে ইন্টারনেটে তাঁদের ব্যক্তিগত পরিচয় ও অন্যান্য অনলাইন কার্যকলাপ সম্পূর্ণ গোপন থাকবে। কিন্তু বাস্তবে ইনকগনিটো মোডের কাজ এতটাও ব্যাপক নয়। ইনকগনিটো মোড মূলত ব্যবহারকারীর নিজের ফোন বা কম্পিউটারে ব্রাউজিংয়ের তথ্য জমা না রাখার সুবিধাটুকুই দেয়। এই মোড ব্যবহার করে কোনও ওয়েবসাইট দেখার পর সেই তথ্য সাধারণত ব্রাউজিং হিস্ট্রিতে যুক্ত হয় না। ইনকগনিটো উইন্ডো ক্লোজ করে দিলে সেই সেশনের কুকিজ এবং বেশ কিছু অস্থায়ী তথ্যও সেখান থেকে মুছে যায়। ফলে একটি কম্পিউটার বা মোবাইল একাধিক ব্যক্তি ব্যবহার করলে অন্য কেউ পরবর্তীতে ব্রাউজারের হিস্ট্রি অনুসন্ধান করে সহজে জানতে পারবেন না, কোন ওয়েবসাইট দেখা হয়েছিল। এই কারণে অন্যের ডিভাইস ব্যবহার, কাউকে উপহার দেওয়ার জন্য গোপনে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট খোঁজ করা বা সাময়িকভাবে অন্য অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রে এই মোড বেশ কার্যকরী ভূমিকা নেয়।

তবে ইনকগনিটো ব্যবহার করলেই ইন্টারনেট ব্যবহারকারীর কোনও চিহ্ন থাকে না, এমন ধারণা একেবারেই ঠিক নয়। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ সম্পর্কে কিছু তথ্য অবশ্যই জানতে পারে। কোনও ওয়েবসাইটে লগ ইন করলে সেই ওয়েবসাইটও ব্যবহারকারীর তথ্য সহজেই সংগ্রহ করতে পারে। গুগলের বিভিন্ন পরিষেবা ব্যবহার করা সাইটের ক্ষেত্রেও এই তথ্য আদান-প্রদান চলতে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইনকগনিটো মোডে ডাউনলোড করা ফাইল উইন্ডো বন্ধ করলেও ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। একই ভাবে এই মোডে সংরক্ষণ করা বুকমার্কও থেকে যায়। তাই ইনকগনিটো মোডকে সম্পূর্ণ গোপনীয়তার ব্যবস্থা হিসেবে ভাবা ঠিক নয়। এটি মূলত ব্রাউজারের স্থানীয় ইতিহাস আড়াল রাখার একটি সহজ উপায় মাত্র। অর্থাৎ, আপনার ডিভাইসের অন্য ব্যবহারকারীর কাছ থেকে কিছু তথ্য গোপন রাখা সম্ভব হলেও ইন্টারনেটের দুনিয়া থেকে আপনি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবেন, এমনটা একদমই নয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN