কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন শক্তি হিসেবে দ্রুত উত্থান ঘটছে অ্যানথ্রোপিক (Anthropic)-এর। এতদিন এআই প্রযুক্তির বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল OpenAI এবং তাদের জনপ্রিয় চ্যাটবট ChatGPT-এর। তবে এবার সেই জায়গাতেই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে অ্যানথ্রোপিক। সূত্রের খবর, প্রায় ৩,০০০ কোটি ডলারের বিপুল তহবিল সংগ্রহের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে সংস্থাটি।
এই অর্থ সংগ্রহ সম্পূর্ণ হলে অ্যানথ্রোপিকের বাজারমূল্য পৌঁছতে পারে প্রায় ৯০ হাজার কোটি ডলারে। প্রযুক্তি মহলের একাংশের মতে, সেই অঙ্ক ওপেনএআইয়ের মূল্যায়নকেও টেক্কা দিতে পারে। ফলে এআই শিল্পে নতুন করে শুরু হয়েছে প্রতিযোগিতার উত্তাপ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মে মাসের মধ্যেই একাধিক বড় বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারে অ্যানথ্রোপিক। সম্ভাব্য লগ্নিকারীদের তালিকায় রয়েছে সিকোইয়া ক্যাপিটাল (Sequoia Capital), অলটিমিটার ক্যাপিটাল (Altimeter Capital), গ্রিনোকস ক্যাপিটাল এবং আরও একাধিক আন্তর্জাতিক বিনিয়োগ গোষ্ঠী। এই বিপুল বিনিয়োগ হাতে এলে সংস্থার মূলধন অন্তত তিন গুণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
এআই গবেষণা এবং নিরাপদ প্রযুক্তি উন্নয়নের জন্য ইতিমধ্যেই বিশেষ পরিচিতি পেয়েছে অ্যানথ্রোপিক। সংস্থার তৈরি Claude নামের এআই মডেলকে ইতিমধ্যেই চ্যাটজিপিটির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের নিরাপত্তা, দ্রুত উত্তর এবং উন্নত বিশ্লেষণ ক্ষমতার কারণে বাজারে দ্রুত জনপ্রিয়তা বাড়ছে তাদের।
এই তহবিল সংগ্রহের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অ্যানথ্রোপিকের সিইও Dario Amodei এবং সিএফও Krish Rao। মাত্র কয়েক মাসের মধ্যেই সংস্থার রাজস্ব বৃদ্ধির গতি প্রযুক্তি দুনিয়ায় নতুন জল্পনা তৈরি করেছে।