ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার এক বড় মাপকাঠি ছিল একটি ছোট্ট বাটন- 'লাইক'। কিন্তু এবার সেই পরিচিত নিয়মেই বড় বদল আনতে চলেছে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট Facebook। সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)–এর নেতৃত্বে পাবলিক পেজের কাঠামোতে আনা হচ্ছে নতুন পরিবর্তন, যেখানে আর দেখা যাবে না 'লাইক' বাটন।
সংস্থার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এখন থেকে সেলেব্রিটি, শিল্পী বা বিভিন্ন ব্র্যান্ডের পাবলিক পেজে 'লাইক' সংখ্যা দেখানোর পরিবর্তে শুধুমাত্র ফলোয়ার সংখ্যাই প্রদর্শিত হবে। এতদিন কোনও পেজের জনপ্রিয়তা বোঝাতে 'লাইক' এবং 'ফলোয়ার'-এই দু'টি আলাদা মাপকাঠি ছিল। কিন্তু নতুন আপডেটের পরে সেই বিভাজন তুলে দিয়ে সব গুরুত্ব দেওয়া হবে ফলোয়ারদের ওপর।
ফেসবুকের মতে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীদের সঙ্গে পেজের যোগাযোগ আরও সহজ করা। অনেক সময় দেখা যায়, কেউ কোনও পেজে 'লাইক' না করলেও সেটিকে ফলো করে থাকেন। ফলে আপডেট দেখতে অসুবিধা হয় না। তাই ভবিষ্যতে ফলোয়ার সংখ্যাকেই ধরা হবে আসল ফ্যান বেস হিসেবে।
এই নতুন ব্যবস্থায় পেজের সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনকেও আরও গুরুত্ব দেওয়া হবে। নিউজ ফিডে সহজেই মতামত জানাতে পারবেন ব্যবহারকারীরা, আর পাবলিক ফিগারদের মন্তব্য কমেন্ট সেকশনের একেবারে উপরে তুলে ধরা হবে যাতে আলোচনাটি আরও বেশি মানুষের নজরে আসে।
আসলে এই পদ্ধতি নতুন নয়। জনপ্রিয় ছবি ও ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অনেকদিন ধরেই পাবলিক প্রোফাইলের ক্ষেত্রে ফলো সিস্টেম চালু রয়েছে। এবার সেই মডেলই অনুসরণ করছে ফেসবুক। পাশাপাশি কমেন্ট, পোস্ট বা রেকমেন্ডেশন থেকেই যাতে সহজে কোনও পেজকে ফলো করা যায়, সেই সুবিধাও যুক্ত করা হচ্ছে।