অজানা নম্বর থেকে কল এলে আর দোটানায় ভুগতে হবে না। ৩১ মার্চের পর থেকেই (সম্ভাব্য) কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই ফোনের স্ক্রিনে ভেসে উঠবে কলারের নাম। ভারত সরকার এবং Telecom Regulatory Authority of India (TRAI)-এর উদ্যোগে চালু হতে চলেছে CNAP বা Calling Name Presentation পরিষেবা।
এতদিন অজানা নম্বর চেনার জন্য ভরসা ছিল Truecaller-এর মতো অ্যাপের উপর। কিন্তু CNAP সরাসরি টেলিকম নেটওয়ার্ক স্তরে কাজ করবে। ফলে আলাদা করে কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না।
এই পরিষেবায় কল করার সময় যে নামটি স্ক্রিনে দেখাবে, তা সিম কার্ড কেনার সময় দেওয়া KYC তথ্যের ভিত্তিতে। অর্থাৎ আধার বা প্যান কার্ডে যে সরকারি নাম নথিভুক্ত রয়েছে, সেটিই প্রদর্শিত হবে। ফলে ভুয়ো পরিচয়ে কল করা অনেকটাই কঠিন হয়ে পড়বে।
স্প্যাম ও প্রতারণামূলক কল কমাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অচেনা নম্বরের সঙ্গে নাম দেখা গেলে ব্যবহারকারী সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কলটি ধরবেন কি না।
তবে এই ফিচার সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে এটি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করার সুযোগ পাবেন। জানা গিয়েছে, টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যে পাইলট প্রজেক্ট সম্পন্ন করেছে। মার্চ ২০২৬-এর পর দেশজুড়ে ধাপে ধাপে পরিষেবাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ৪জি ও ৫জি নেটওয়ার্কে এটি কার্যকর হবে।
CNAP ও ট্রু-কলারের মধ্যে মূল পার্থক্য হল তথ্যের উৎস। ট্রু-কলার যেখানে ব্যবহারকারীদের দেওয়া ডেটার উপর নির্ভর করে, সেখানে CNAP সরাসরি টেলিকম ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ করবে-যা তুলনামূলকভাবে বেশি নির্ভুল ও নিরাপদ।