একঘেয়ে সবুজ লুক কি তবে অতীত হতে চলেছে? জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনতে চলেছে বড়সড় পার্সোনালাইজেশন আপডেট। বিটা সংস্করণে ইতিমধ্যেই মিলেছে নতুন কিছু ফিচারের ইঙ্গিত, যা ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে পারে।
সবচেয়ে নজরকাড়া বিষয়-অ্যাপ আইকন বদলের সুযোগ। জানা যাচ্ছে, মোট ১৪টি বিকল্প আইকন যুক্ত হতে পারে। এর মধ্যে সাতটি একরঙা মিনিমাল ডিজাইন-নীল, কমলা, গোলাপি, বেগুনি, বাদামি, সবুজ ও মনোক্রোম। বাকি আইকনগুলো তুলনামূলকভাবে আরও স্টাইলিশ। এতদিন তৃতীয় পক্ষের লঞ্চার ব্যবহার না করলে আইকন বদলানো যেত না, এবার সেই ঝামেলা ছাড়াই সরাসরি অ্যাপ থেকেই করা যাবে পরিবর্তন।
এতেই শেষ নয়। অ্যাপের অ্যাকসেন্ট রঙেও আসতে পারে বড় বদল। প্রায় ১৯টি নতুন রঙের বিকল্প-রয়্যাল ব্লু, কোরাল, টিল, বেজ, লাল, হলুদ, ডার্ক অলিভ গ্রিনসহ আরও অনেক কিছু। ডিফল্ট সবুজ রঙ থাকলেও, ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো থিম বেছে নিতে পারবেন। এমনকি ‘ক্লাসিক’ ডিজাইন ফিরিয়ে আনার কথাও শোনা যাচ্ছে।
রঙের এই পরিবর্তন শুধু আইকনেই সীমাবদ্ধ থাকবে না। অ্যাপের ট্যাব, ফিল্টার ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নির্বাচিত রঙ অনুযায়ী বদলে যাবে, ফলে পুরো ইন্টারফেসে তৈরি হবে এক সামঞ্জস্যপূর্ণ ও ব্যক্তিগত অভিজ্ঞতা।
যদিও ফিচারগুলি এখনও পরীক্ষাধীন, তবু বাস্তবায়িত হলে এটি হবে ভিজ্যুয়াল অভিজ্ঞতার বড় আপগ্রেড। দীর্ঘদিনের একই ডিজাইনে অভ্যস্ত ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে এক সতেজ সূচনা।