১ মার্চ ২০২৬ থেকে ভারতীয় রেলওয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিল জনপ্রিয় UTS App। ফলে অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট ও সিজন পাস-সব পরিষেবাই এখন মিলবে নতুন RailOne সুপার অ্যাপে। প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াতকারী লক্ষ লক্ষ যাত্রীর উপর এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে।
আগে সংরক্ষিত টিকিটের জন্য IRCTC আর অসংরক্ষিত টিকিটের জন্য আলাদা UTS ব্যবহার করতে হত। এবার সব পরিষেবা এক প্ল্যাটফর্মে আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছে CRIS। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৫ সালের জুলাইয়ে RailOne অ্যাপ চালু করেন। অ্যান্ড্রয়েড ও আইওএস-দু’টি প্ল্যাটফর্মেই এটি উপলব্ধ।
RailOne অ্যাপের সুবিধা- অসংরক্ষিত ও সংরক্ষিত টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট ও সিজন পাস, লাইভ ট্রেন ট্র্যাকিং, ট্রেনে খাবার অর্ডার, ডিজিটাল পেমেন্টে ৩% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
R-Wallet ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করবেন? UTS বন্ধ হওয়ায় অনেকেই R-Wallet ব্যালেন্স নিয়ে চিন্তিত ছিলেন। রেলওয়ে জানিয়েছে, ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে RailOne-এ স্থানান্তর হবে।
এবার বলি কীভাবে ব্য়াবহার করবেন... প্রথমে RailOne অ্যাপ ডাউনলোড করুন। UTS-এ ব্যবহৃত একই মোবাইল নম্বর ও R-Wallet আইডি দিয়ে লগ ইন করুন। ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ব্যালেন্স ট্রান্সফার সম্পন্ন হবে। সমস্যা হলে রেল হেল্পলাইন ১৩৯-এ যোগাযোগ করুন অথবা অ্যাপের হেল্প সেকশনে অভিযোগ জানান।
মুম্বই, দিল্লি, চেন্নাই ও কলকাতার মতো শহরের নিত্যযাত্রীদের জন্য প্রথমদিকে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। তবে রেলওয়ের দাবি, দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ সময় বাঁচাবে, স্বচ্ছতা বাড়াবে এবং কাউন্টারের ভিড় কমাবে।
ডিজিটাল রেলওয়ের পথে এটি এক বড় পদক্ষেপ। তাই নিয়মিত যাত্রীরা যত দ্রুত সম্ভব RailOne অ্যাপ ডাউনলোড করে নতুন ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়ে নিন।