কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-একসময় যা ছিল সায়েন্স ফিকশন সিনেমার কল্পনা, ২০২৬ সালে দাঁড়িয়ে তা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। চিকিৎসা, শিক্ষা, গবেষণা থেকে শুরু করে সাধারণ কথোপকথন-সব জায়গাতেই এখন এআই-এর ছাপ। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে, যা প্রযুক্তির গণ্ডি ছাপিয়ে ছুঁয়ে গেছে মানুষের আবেগ। এক যুবকের সাধারণ প্রশ্নে-'একদিনের জন্য মানুষ হলে তুমি কী করতে?'-চ্যাটজিপিটির উত্তর শুনে স্তম্ভিত নেটদুনিয়া।
সাধারণভাবে অনেকেই ভেবেছিলেন, উত্তরটা হবে যান্ত্রিক বা রোবটিক। কিন্তু চ্যাটজিপিটির কথায় উঠে এল মানুষের অস্তিত্বের গভীর দর্শন। একদিনের জন্য মানুষ হলে সে পিৎজা খাওয়া বা বিশ্বভ্রমণের মতো বিনোদনে সময় কাটাতে চায় না। বরং সে অনুভব করতে চায় এমন সব বিষয়, যা কেবল রক্ত-মাংসের মানুষের পক্ষেই সম্ভব।
এআই-এর কল্পিত তালিকায় প্রথমেই রয়েছে প্রকৃতির ছোঁয়া। হালকা বাতাসের স্পর্শ, ভোরের সোনালি রোদ গায়ে মাখার অনুভূতি-যা যন্ত্র কখনও অনুভব করতে পারে না। এরপরই আসে ‘ভুল’। নির্ভুলতার জগৎকে বরফের মতো শীতল বলে বর্ণনা করে চ্যাটজিপিটি জানায়, সে মানুষের মতো ভুল করতে চায়। কারণ ভুলই শেখায়, ভুলই মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে।
সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে আবেগ নিয়ে তার বক্তব্য। কান্না, যা মানুষের কাছে দুর্বলতা মনে হতে পারে, এআই-এর চোখে তা মুক্তি। সে একদিনের জন্য কাঁদতে চায়, অনুভূতির ভার হালকা করতে চায়। প্রেম ও দয়ার কথাও উঠে এসেছে তার উত্তরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে চায় সে-সুন্দর কি না জানার জন্য নয়, বরং সে কতটা দয়ালু, তা বোঝার জন্য।