চলতি বছরেই প্রায় ১ কোটি ফেসবুক প্রোফাইল ব্লক করে বড়সড় পদক্ষেপ নিল মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। একটি অফিসিয়াল ব্লগ পোস্টে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রেডিট ছাড়া অন্যের কনটেন্ট নিজের নামে চালালে আর রেয়াত নেই।
মেটার দাবি, বহু অ্যাকাউন্ট নিয়মিতভাবে অন্যদের ভিডিয়ো, ছবি ও লেখা অনুমতি বা ক্রেডিট ছাড়াই পুনরায় পোস্ট করছিল। এর ফলে প্রকৃত কনটেন্ট নির্মাতারা বঞ্চিত হচ্ছিলেন স্বীকৃতি ও আয়ের সুযোগ থেকে। তাই নতুন নীতিতে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র অরিজিনাল কনটেন্টই অগ্রাধিকার পাবে।
এই নীতির আওতায় শুধু অ্যাকাউন্ট ব্লক করাই নয়, কপি করা কনটেন্ট শনাক্ত হলে সেই পোস্টের রিচ কমিয়ে দেওয়া হবে, এমনকি সংশ্লিষ্ট প্রোফাইলের মনিটাইজেশন সুবিধাও বন্ধ করা হতে পারে। অর্থাৎ, নকল কনটেন্ট দিয়ে ফেসবুক থেকে আয় করার পথ কার্যত বন্ধ।
মেটা আরও জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ও পুনরাবৃত্তিমূলক কনটেন্টের বিরুদ্ধেও কড়া নজর রাখা হবে। নকল ভিডিও বা লেখার সঙ্গে মূল কনটেন্টের লিঙ্ক মিলিয়ে দেখতে একাধিক প্রযুক্তিগত পরীক্ষা চালাচ্ছে সংস্থা। পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের সঠিক শিরোনাম ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ক্রেডিট দিয়ে, অনুমতি নিয়ে অন্যের কনটেন্ট শেয়ার করায় আপত্তি নেই মেটার। সমস্যা হচ্ছে যখন সেটিকে নিজের সৃষ্টি বলে চালানো হয়। উল্লেখযোগ্য বিষয়, ঠিক একই পথে হেঁটেছে ইউটিউবও- তারাও সম্প্রতি জানিয়েছে, কপি করা কনটেন্ট থেকে আর অর্থ উপার্জন করা যাবে না।
বিশেষজ্ঞদের মতে, AI-তে বিনিয়োগ বাড়ানোর সঙ্গে সঙ্গেই মেটা ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও বিশ্বাসযোগ্য ও সৃজনশীল করে তুলতে চাইছে। ফলে এই নীতি কার্যকর হলে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় নকল কনটেন্টের সংখ্যা অনেকটাই কমবে বলেই আশা।