দ্রুত টাইপ, হালকা সফটওয়্যার, কোনও ঝামেলা নেই... এই তিন গুণেই বছরের পর বছর ধরে কম্পিউটার ব্যবহারকারীদের আস্থার জায়গা হয়ে থেকেছে নোটপ্যাড। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের ছোঁয়া এবার পড়তে চলেছে এই চিরচেনা টেক্সট এডিটরেও। খবর অনুযায়ী, Notepad-এ যুক্ত হতে চলেছে ইমেজ সাপোর্ট... অর্থাৎ টেক্সট ফাইলের সঙ্গে এবার সংযুক্ত করা যাবে ছবিও!
জানা যাচ্ছে, Windows 11-এ পরীক্ষামূলকভাবে এই ফিচার আনা হচ্ছে। এতদিন পর্যন্ত নোটপ্যাডে শুধুমাত্র মানেই তাতে শুধুমাত্র টেক্সট লেখা যেত... কোনও ফরম্যাটিং-এর ঝামেলা ছিল না, বড় ফাইলের দরকার হত না। কিন্তু এখন একটা প্রশ্ন প্রায় সকলেরই মাথায় ঘুরপাক খাচ্ছে, ছবি যুক্ত হলে কি পারফরম্যান্সে প্রভাব পড়বে?
সূত্রের দাবি, ব্যবহারকারীদের উদ্বেগের তেমন কারণ নেই। পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, ইমেজ সাপোর্ট থাকা সত্ত্বেও সফটওয়্যারের গতি বা পারফরম্যান্সে ন্যূনতম প্রভাব পড়ছে। আরও বড় কথা, অন্যান্য ফিচারের মতোই চাইলে সেটিংস থেকে এই সুবিধা নিষ্ক্রিয়ও করে রাখা যাবে।
আসলে প্রযুক্তির জগতে স্থির বলে কিছু নেই। একসময় WordPad-এ ছবি ও বিভিন্ন ফরম্যাটিং ফিচার থাকায় সেটি ধীরে ধীরে এমএস ওয়ার্ডের হালকা সংস্করণে পরিণত হয়েছিল। তবে ওয়ার্ডপ্যাড বিদায় নেওয়ার পর নোটপ্যাড তার সরলতা দিয়েই জায়গা ধরে রেখেছে।
তবু সাম্প্রতিক আপডেটে নোটপ্যাডে এসেছে বোল্ড, ইটালিক, এমনকি বাইরের লিঙ্ক ইনসার্ট করার সুবিধাও। অর্থাৎ ধীরে ধীরে বদলাচ্ছে তার চরিত্র। এবার ইমেজ সাপোর্ট যোগ হলে সেটি আরও বহুমুখী হয়ে উঠবে বলেই মনে করা যাচ্ছে।
এখন দেখার, কবে আনুষ্ঠানিক ঘোষণা করে মাইক্রোসফট এই নতুন ফিচার সকলের জন্য উন্মুক্ত করে। সরলতা আর আধুনিকতার মেলবন্ধনে নোটপ্যাড কি নতুন যুগের সঙ্গে পা রাখতে চলেছে? উত্তর মিলবে শিগগিরই।