১ মার্চের পর আর মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না- এমন আশঙ্কায় অনেকেরই কপালে ভাঁজ। বিশেষ করে WhatsApp, Telegram বা Facebook Messenger-এর মতো অ্যাপ ছাড়া আজকের জীবন কার্যত অচল। তাহলে কী করতে হবে?
কেন্দ্রীয় সরকারের তরফে ‘সিম বাইন্ডিং’ নিয়ে কড়াকড়ির কথা জানানো হয়েছে। Department of Telecommunications (ডিওটি) নির্দেশ দিয়েছে, ওটিটি মেসেজিং অ্যাপের অ্যাকাউন্ট অবশ্যই অ্যাক্টিভ সিমের সঙ্গে লিঙ্কড থাকতে হবে। অর্থাৎ যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা, সেই সিম সক্রিয় না থাকলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বাতিল হতে পারে।
সরকার ১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এরপর ইনঅ্যাক্টিভ সিম বা সিমবিহীন ডিভাইস দিয়ে অ্যাপ চালালে সমস্যা হতে পারে। বিশেষ করে যাঁরা একই নম্বরের অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা আসতে পারে। ফোনে সিম সক্রিয় না থাকলে অ্যাকাউন্ট যাচাই (ভেরিফিকেশন) বা লগ-ইন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
তবে ল্যাপটপ বা কম্পিউটারে লিঙ্কড ডিভাইস একেবারে বন্ধ হয়ে যাবে- এমনটা নয়। কিন্তু মূল ফোন নম্বর ও সিম সক্রিয় না থাকলে পরিষেবা সঠিকভাবে নাও চলতে পারে।
কেন এই নিয়ম?
সরকারের মতে, সিম বাইন্ডিং বাধ্যতামূলক করলে ভুয়ো নম্বর ব্যবহার, প্রতারণা, স্প্যাম কল ও সাইবার জালিয়াতি অনেকটাই কমানো সম্ভব হবে। সক্রিয় সিমের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত থাকলে ব্যবহারকারীর পরিচয় যাচাই সহজ হবে।
তাই যাঁদের সিম দীর্ঘদিন বন্ধ বা নিষ্ক্রিয়, দ্রুত তা রিচার্জ বা রি-অ্যাক্টিভেট করুন। না হলে ১ মার্চের পর প্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়তে পারেন।