আজকের স্মার্টফোন বাজারে প্রায় সব জনপ্রিয় ব্র্যান্ড-অ্যাপল, স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, অপো কিংবা ভিভো-তাদের নতুন মডেলের নামের শেষে ‘Pro’ বা ‘Max’ শব্দ যুক্ত করছে। কিন্তু কখনও ভেবেছেন, এই শব্দগুলোর মানে আসলে কী? শুধু ফ্যান্সি নাম, না কি সত্যিই প্রযুক্তিগত তফাৎ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক ‘Pro’ এবং ‘Max’-এর আসল ব্যাখ্যা।
‘Pro’ শব্দটি এসেছে ইংরেজি Professional থেকে, যার মানে পেশাদার মানের বা উন্নত সংস্করণ। কোনও সিরিজের নামের শেষে ‘Pro’ যুক্ত থাকলে বুঝতে হবে সেটি সাধারণ বা বেস মডেলের তুলনায় বেশি উন্নত।
শক্তিশালী প্রসেসর বা চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দ্রুত পারফরম্যান্স দেয়। উন্নত ক্যামেরা সিস্টেম, বিশেষত টেলিফটো বা আল্ট্রা ওয়াইড লেন্স। উচ্চ রিফ্রেশ রেট (৯০Hz বা ১২০Hz) যুক্ত ডিসপ্লে, যা ভিডিয়ো দেখা বা গেম খেলার অভিজ্ঞতা মসৃণ করে। প্রিমিয়াম ডিজাইন-গ্লাস বা মেটাল বডি, পাতলা বেজেল ও উন্নত বিল্ড কোয়ালিটি। অতিরিক্ত সফটওয়্যার ফিচার, যেমন Pro মোড, উন্নত ভিডিয়ো রেকর্ডিং অপশন ইত্যাদি। অর্থাৎ, Pro মডেল তাদের জন্য যারা ফোনকে শুধু যোগাযোগের যন্ত্র নয়, বরং কাজ, ফটোগ্রাফি বা পারফরম্যান্সের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
‘Max’ মানে Maximum অর্থাৎ সর্বাধিক। এই মডেলগুলো আকারে বড়, ব্যাটারিতে শক্তিশালী এবং ডিসপ্লেতে বিশাল। বড় স্ক্রিন (৬.৭ ইঞ্চি বা তার বেশি) যা সিনেমা দেখা বা গেমিংয়ে আলাদা অভিজ্ঞতা দেয়। বেশি ব্যাটারি ক্ষমতা, ফলে চার্জ ছাড়াই দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। উন্নত কুলিং সিস্টেম ও বড় ক্যামেরা সেন্সর। সাধারণত প্রো মডেলের ফিচার থাকলেও আকারে ও ব্যাটারিতে বেশি সুবিধাজনক। উদাহরণস্বরূপ, iPhone 17 Pro Max এই সিরিজের সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে উন্নত সংস্করণ।
কিন্তু এখানে পার্থক্য কোথায়? Pro হল উন্নত পারফরম্যান্স ও পেশাদার মানের ফিচার। Max হল বড় স্ক্রিন, বেশি ব্যাটারি ও শক্তিশালী উপস্থিতি। Pro Max হল দু’য়ের সংমিশ্রণ সবচেয়ে উন্নত, শক্তিশালী ও প্রিমিয়াম সংস্করণ।
স্মার্টফোনের নামের এই শব্দগুলো শুধুই মার্কেটিং নয়, বরং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিকল্প বেছে নেওয়ার উপায়। তাই পরেরবার ফোন কিনতে গেলে নামের শেষে ‘Pro’ বা ‘Max’ দেখেই বুঝে নিন আপনি চাইছেন শক্তি না আকার!