গুগল...">
গুগল ক্রোম ব্যবহারকারীরা এবার দেখবেন একদম নতুন অভিজ্ঞতা। অ্যানড্রয়েডের জন্য গুগল এনেছে ‘মেটেরিয়াল ইউ’ ডিজাইন, যা পুরো ব্রাউজারের চেহারা বদলে দিয়েছে। ক্রোমের তিন বিন্দু মেনু, ট্যাব গ্রিড এবং ঠিকানা বার-সবকিছুতে এসেছে নতুন, আধুনিক ভিজ্যুয়াল লুক।
প্রযুক্তির মূল বৈশিষ্ট্যই হল পরিবর্তন। তাই চিরচেনা ক্রোম এবার নিজেকে নতুনভাবে সাজিয়েছে। গুগল ক্রোমের অ্যানড্রয়েড সংস্করণে মেটেরিয়াল ইউ এক্সপ্রেসিভ ডিজাইন (M3) সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। এই আপডেট এসেছে ক্রোম ১৪১ সংস্করণের সঙ্গে। নতুন ডিজাইনে রয়েছে গোলাকার প্রান্ত, গতিশীল রঙ (ডায়নামিক কালার) এবং পরিষ্কার, চোখ-ধাঁধানো ভিজ্যুয়াল লুক।
বাটনের আকার আগের মতোই রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা কমপ্যাক্ট লেআউট উপভোগ করতে পারেন। নতুন ডিজাইনটি গুগলের মেটেরিয়াল ইউ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটো ইত্যাদি অ্যাপের সঙ্গে সমন্বয় সহজ।
সবচেয়ে চোখে পড়ার পরিবর্তন এসেছে তিন বিন্দু মেনুতে। ফরোয়ার্ড, বুকমার্ক, ডাউনলোড, সাইট তথ্য ও রিফ্রেশ বাটনগুলো এখন গোলাকার স্টাইলে। বুকমার্ক করা পেজের স্টার আইকনও একটি গোলাকার বাক্সে প্রদর্শিত হচ্ছে।
ট্যাব গ্রিড ভিউ-তেও বড় পরিবর্তন এসেছে। নতুন ট্যাব বাটনগুলো গোলাকার বক্সে প্রদর্শিত হবে, রঙ ফোনের সিস্টেম থিম অনুযায়ী পরিবর্তিত হবে। ট্যাব গ্রুপগুলো আলাদা রঙে দেখানো হচ্ছে, যা একাধিক ট্যাব দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। ইনকগনিটো মোড, গ্রুপ সিলেক্টর এবং ট্যাব সুইচারও আলাদা গোলাকার বাক্সে প্রদর্শিত হচ্ছে, ফলে ইন্টারফেস আরও পরিষ্কার ও আকর্ষণীয় হয়েছে।
ঠিকানা বারে (অ্যাড্রেস বার)-ও এসেছে সূক্ষ্ম পরিবর্তন। গোলাকার নকশার নতুন বার ওয়েব পেজ লোডের সময় মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে।
এই আপডেটটি সার্ভার-সাইড রোলআউটের মাধ্যমে প্রকাশিত হয়েছে। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ক্রোম ১৪১ সংস্করণে নতুন লুক উপভোগ করতে পারবেন। আপডেট এখনও না দেখলে অ্যাপ ইনফো থেকে চেক করা সম্ভব।