সাইবার হামলা ও স্পাইওয়্যারের বাড়বাড়ন্তে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে একেবারে নতুন ‘লকডাউন’-ধাঁচের সুরক্ষা ফিচার, যার নাম Strict Account Settings। এক ক্লিকেই অ্যাকাউন্টকে সর্বোচ্চ সুরক্ষা স্তরে নিয়ে যেতে পারবেন ব্যবহারকারীরা।
‘ডেটা প্রাইভেসি ডে’-কে সামনে রেখেই মেটা মালিকানাধীন সংস্থাটি এই ফিচারটি প্রকাশ করেছে। বিশেষত সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, সরকারি আধিকারিক বা যাঁরা উচ্চমাত্রার সাইবার নজরদারির ঝুঁকিতে থাকেন, তাঁদের জন্য এই ফিচার কার্যত একটি ডিজিটাল ঢাল হিসেবে কাজ করবে।
হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, Strict Account Settings চালু হলে অ্যাকাউন্টের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কড়া বা Most Restricted অবস্থায় চলে যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হল-ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে না থাকা কোনও নম্বর থেকে ছবি, ভিডিয়ো বা ডকুমেন্ট পাঠানো যাবে না। যেহেতু অধিকাংশ স্পাইওয়্যার ও ম্যালওয়্যার ক্ষতিকর ফাইল বা অ্যাটাচমেন্টের মাধ্যমেই ফোনে ঢোকে, তাই এই ফিচার স্পাইওয়্যার সংক্রমণ রুখতে অত্যন্ত কার্যকর।
এই সুরক্ষা ব্যবস্থা চালু করাও বেশ সহজ। হোয়াটসঅ্যাপের Settings -> Privacy -> Advanced অপশনে গিয়ে Strict Account Settings ট্যাব করলেই সক্রিয় হয়ে যাবে নতুন নিরাপত্তা বলয়। এর জন্য আলাদা কোনও কোড বা জটিল প্রক্রিয়ার প্রয়োজন নেই।
শুধু এই ফিচারেই থেমে থাকছে না হোয়াটসঅ্যাপ। ভবিষ্যতে মেসেজ, ছবি ও ভিডিওকে আরও নিরাপদ করতে আধুনিক Rust প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পরিকল্পনাও করেছে সংস্থাটি। মেটার অন্যান্য অ্যাপেও ধীরে ধীরে এই প্রযুক্তি প্রয়োগ হতে পারে।
এদিকে নিরাপত্তার পাশাপাশি ব্যবসায়িক দিকেও নতুন রাস্তা খুঁজছে মেটা। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের জন্য আলাদা প্রিমিয়াম সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে, যেখানে থাকবে এক্সক্লুসিভ ফিচার ও এআই সুবিধা।