বর্তমান সময়ে ব্যক্তিগত আড্ডা থেকে শুরু করে অফিসের জরুরি কাজ... সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে কর্মক্ষেত্রে বহু মানুষই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার করেন। তাঁদের জন্য এবার বড় সুখবর ওয়েব ভার্সনেও যুক্ত হতে চলেছে অডিয়ো ও ভিডিয়ো কলিং ফিচার।
এতদিন ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও কল করার জন্য নির্ভর করতে হত মোবাইল অ্যাপের উপর। কিন্তু নতুন আপডেটে সরাসরি ওয়েব ভার্সন থেকেই ভয়েস ও ভিডিয়ো কল করা যাবে। ব্যবহার পদ্ধতিও সহজ। প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে হবে। তারপর নির্দিষ্ট ব্যক্তির চ্যাট উইন্ডো খুললেই উপরের ডানদিকে কল আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই অডিও বা ভিডিও কলের বিকল্প মিলবে।
তবে এই ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে সব ব্যবহারকারী এখনও এটি পাচ্ছেন না। ধাপে ধাপে সকলের জন্য এই সুবিধা চালু করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, মেটার মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ নিয়মিত নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করে। সম্প্রতি কভার ফটো যুক্ত করার পরিকল্পনার কথাও সামনে এসেছে, যা ফেসবুক বা লিঙ্কডইনের মতো প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবের এই কলিং সুবিধা অফিসিয়াল কাজ কিংবা দীর্ঘ সময় ডেস্কটপে কাজ করা ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা এনে দেবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।