বৈদিক শাস্ত্র ও বিভিন্ন পুরাণ অনুসারে লক্ষ্মীর উদ্ভব ও পরিচিতি নিয়ে নানা রকম ব্যাখ্যা পাওয়া যায়। কিছু পুরাণ অনুযায়ী লক্ষ্মী দেবসেনা রূপে জন্ম নিয়ে কার্তিকেয়র পত্নী হন। আবার কিছু পুরাণ মতে তিনি গণেশপত্নী। নদীরূপিনী সরস্বতীই আদিতে উর্বরতা ও শস্যদায়িনী দেবী। পরে লক্ষ্মী-সরস্বতী একইরূপে গণ্য হওয়ার সময় থেকে শস্য ও সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীকে গণ্য করা আরম্ভ হয়। আবার শস্যের দেবী হিসেবে গণ্য হওয়ার কারণে লক্ষ্মীকে ধরিত্রী বা বসুমতী হিসেবেও ভাবা শুরু হয়। অর্থাৎ লক্ষ্য বস্তু প্রাপ্তির নামই হল লক্ষ্মী।
হিন্দু ধর্মে বেশ কয়েকটি লক্ষ্মীর উল্লেখ পাওয়া যায়, যেমনঃ
১) আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী লক্ষ্মীর আদিরূপ এবং ঋষি ভৃগুর কন্যারূপে লক্ষ্মীর অবতার। তিনি \'সাগরকন্যা\' নামেও পরিচিতা। সমুদ্র মন্থনের সময় এই আদিলক্ষ্মী প্রকটিত হন এবং শ্রীবিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন।
২) ধনলক্ষ্মী লক্ষ্মীর অর্থ ও স্বর্ণদাত্রী রূপ। অর্থাৎ তিনি সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন।
৩) ধান্যলক্ষ্মী কৃষিসম্পদদাত্রী লক্ষ্মী, যিনি কৃষকের গৃহে নবান্নে ধান্যলক্ষ্মীরূপে পূজিতা হন।
৪) গজলক্ষ্মী : গবাদি পশু ও হস্তীরূপ সম্পদদাত্রী লক্ষ্মী। এছাড়াও এই গবাদিপশু পালন থেকে যে আয় হয়, তাও গজলক্ষ্মীর কৃপা বলে গণ্য করা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুযায়ী, গজলক্ষ্মী দেবরাজ ইন্দ্রকে সমুদ্রগর্ভ থেকে তার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। বসুধা নারায়ণ \"গজলক্ষ্মী\" শব্দটির ব্যাখ্যা করেছেন \"গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী\"।
৫) সন্তানলক্ষ্মী : সন্তান সুখ প্রদায়িত্রী লক্ষ্মী।
৬) বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী : যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদাত্রী লক্ষ্মী।
৭) বিজয়লক্ষ্মী বা জয়লক্ষ্মী : বিজয় প্রদাত্রী লক্ষ্মী, কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং জীবনের কঠিন সময়ে বাধাবিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয়ালক্ষ্মী গুরুত্বপূর্ণ দেবী।
৮) বিদ্যালক্ষ্মী: কলা ও বিজ্ঞানের জ্ঞান রূপ ধন প্রদানকারিনী লক্ষ্মী।
এছাড়াও কর্মকান্ডের নিরিখে লক্ষ্মীর অন্যান্য কয়েকটি রূপও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে:
১) ঐশ্বর্যলক্ষ্মী : ঐশ্বর্যপ্রদাত্রী লক্ষ্মী।
২) সৌভাগ্যলক্ষ্মী : সৌভাগ্য প্রদাত্রী লক্ষ্মী।
৩) রাজ্যলক্ষ্মী: \"যিনি শাসককে আশীর্বাদ করেন এবং মূলত রাজগৃহে অবস্থান করেন।\"
৪) বরলক্ষ্মী : \"যে দেবী সুন্দর বর বা আশীর্বাদ প্রদান করেন।\"
৫) স্তন্যলক্ষ্মী :\"যে দেবী নিজের স্তনযুগল থেকে নিজের ভক্তির শক্তি বৃদ্ধি জন্য স্তন্যদান করে থাকে।\"