Calcutta Television Network

'বিরোধীদের একমাত্র বাঁচাতে পারে মহাকুম্ভের পবিত্র ডুব', অখিলেশকে খোঁচা যোগীর

'বিরোধীদের একমাত্র বাঁচাতে পারে মহাকুম্ভের পবিত্র ডুব', অখিলেশকে খোঁচা যোগীর

27 January 2025 , 11:44:20 am

মহাকুম্ভ স্নানেও এবার লাগলো রাজনীতির রঙ। রবিবার প্রজাতন্ত্র দিবসের সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে, মহাকুম্ভে পুণ্যস্নানে ১১ বার ডুব দেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তার কয়েক ঘণ্টা পরই অখিলেশকে বিঁধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টিপ্পনি 'একমাত্র মহাকুম্ভে পবিত্র ডুবই বাঁচাতে পারে বিরোধীদের'। এরপরই অখিলেশ যাদবের নাম না করে যোগীর কটাক্ষ 'যেভাবে বিরোধীরা বার বার উত্তরপ্রদেশে আশাহত হচ্ছেন তাতে প্রয়াগরাজে পবিত্র স্নানই এখন ওঁদের কাছে একমাত্র পথ'। 

আর এরপরই তুঙ্গে উঠেছে জল্পনা। তাহলে কি উত্তরপ্রদেশের মিল্কিপুর আসনে আসন্ন উপনির্বাচনে সপা তথা বিরোধী জোটকে বার্তা দিতেই এই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ? এই নিয়ে সাংবাদিকরা যোগীকে প্রশ্ন করলে আত্মবিশ্বাসী যোগীর উত্তর 'উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে'।

প্রসঙ্গত এর আগেও একাধিক বার কুম্ভস্নান নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সম্প্রতী নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহাকুম্ভ মেলায় স্নান সারেন যোগী আদিত্যনাথ। তারপরই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ ছুড়ে যোগী বলেন 'আমি তো মহাকুম্ভে ডুব দিলাম। কিন্তু কেজরীওয়াল বোধহয় দিল্লির যমুনায় ডুব দিতে পারবেন না? যমুনার জলে যা দূষণ'। 

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এবারের মহাকুম্ভ মেলার যাবতীয় কৃতিত্ব একাই নিতে চান যোগী। নিজেকে মহাকুম্ভের মুখ বলে তুলে ধরতে চান তিনি। তাই মাসখানেক ধরে মহাকুম্ভকেই হাতিয়ার করে তুলছেন তিনি। 


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN