আমরা অনেকেই নিজের ক্ষমতা বা ব্যক্তিত্বের প্রকৃত প্রভাব সম্পর্কে সচেতন নই। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'ব্লাইন্ড স্পট'- অর্থাৎ নিজের এমন কিছু গুণ, যা অন্যেরা স্পষ্ট বুঝতে পারলেও আমরা নিজেরা বুঝতে পারি না। অথচ চারপাশের মানুষের আচরণ, প্রাণীদের প্রতিক্রিয়া কিংবা জীবনের কিছু অদ্ভুত ঘটনার মধ্যেই লুকিয়ে থাকতে পারে সেই ইঙ্গিত।
অনেক সময় দেখা যায়, কোনও কারণ ছাড়াই পশুপাখি বিশেষ করে বিড়াল বা কুকুর আপনার কাছে এসে ভিড় করছে। প্রাণীরা সাধারণত মানুষের আচরণ, শক্তি ও মানসিক স্থিরতা খুব দ্রুত বুঝতে পারে। তাই তারা যদি সহজে আপনার প্রতি আকৃষ্ট হয়, তা অনেকেই ইতিবাচক ব্যক্তিত্বের লক্ষণ বলে মনে করেন।
একই ভাবে ছোট শিশুরাও যদি সহজেই আপনার সঙ্গে মিশে যায় বা আপনার কাছে স্বস্তি অনুভব করে, সেটিও গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ শিশুদের আবেগ সাধারণত কৃত্রিম হয় না। তারা স্বতঃস্ফূর্ত ভাবেই মানুষের প্রতি প্রতিক্রিয়া জানায়।
আবার কিছু মানুষের বয়স যেন সহজে বোঝাই যায় না। মুখে বয়সের ছাপ কম পড়া অনেক সময় মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক জীবনযাপনের প্রতিফলন হিসেবেও দেখা হয়।
আপনি হয়তো নিজেকে সাধারণ ভাবেন, কিন্তু চারপাশের মানুষ যদি মনে করেন আপনি আর্থিক বা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী, তবে সেটিও আপনার ব্যক্তিত্বের প্রভাবের পরিচয়। অনেক সময় মানুষ আপনার উপস্থিতি থেকেই নিরাপত্তা বা ভরসা অনুভব করে।
এমনও হয়, কোনও জায়গায় আপনি ঢুকলেই পরিবেশ বদলে যায়- নিস্তব্ধতা ভেঙে প্রাণ ফিরে আসে আড্ডায়। মনোবিজ্ঞানীরা বলেন, কিছু মানুষের ‘সোশ্যাল এনার্জি’ এতটাই শক্তিশালী হয় যে তারা অজান্তেই অন্যদের প্রভাবিত করেন।
আর সবচেয়ে বড় লক্ষণ হল- জীবনে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও ভেঙে না পড়া। বহু মানুষ প্রতিকূলতার মধ্যে হারিয়ে যান, কিন্তু কিছু মানুষ প্রতিবার শূন্য থেকে আবার উঠে দাঁড়ান। সেটাই প্রকৃত মানসিক শক্তির পরিচয়।