কয়েক দিন আগেও ঊর্ধ্বমুখী ছিল সোনার বাজার। কিন্তু সপ্তাহের শুরুতেই আচমকা বড় পতন দেখা গেল হলুদ ধাতুর দামে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেই দেড় মাসের মধ্যে সবচেয়ে কম দামে নেমে এল সোনা।
সোমবার বাজার খুলতেই দেখা যায়, ২২ ক্যারেট সোনার দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। বর্তমানে ১ গ্রাম গয়নার সোনার দাম প্রায় ১৪,৩৩৫ টাকায় নেমে এসেছে। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম ঘোরাফেরা করছে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার টাকার আশেপাশে। আন্তর্জাতিক বাজারেও স্পট গোল্ডের দাম প্রায় ১.১ শতাংশ কমে আউন্স প্রতি ৪,৪৮৮.৯৯ ডলারে পৌঁছেছে, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই দামের পতনের নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা। আবু ধাবির একটি পারমাণবিক কেন্দ্রের কাছে ড্রোন হামলার পর ফের অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজার। এর ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কাও নতুন করে মাথাচাড়া দিয়েছে।
সাধারণত অনিশ্চয়তার সময়ে সোনার দাম বাড়ে। কিন্তু এ বার বিনিয়োগকারীদের একাংশ তেলের বাজারের দিকে বেশি ঝুঁকছেন বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। ফলে সোনার উপর চাপ তৈরি হয়েছে।
অন্য দিকে, দেশের বৈদেশিক মুদ্রার খরচ কমাতে সম্প্রতি নরেন্দ্র মোদী দেশবাসীকে অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। তারও কিছু প্রভাব বাজারে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তবে বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দামে এই পতন দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপর। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি আরও বাড়ে, তা হলে আগামী দিনে ফের সোনার দামেও বড় উত্থান দেখা যেতে পারে।