Calcutta Television Network

এবার মুঠোয় মণ্ডপ, আসছে কলকাতা পুলিসের ‘Pujo Bondhu’ অ্যাপ...

এবার মুঠোয় মণ্ডপ, আসছে কলকাতা পুলিসের ‘Pujo Bondhu’ অ্যাপ...
23 September 2025 02:19:32 pm

দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। আলোর ঝলকানি, ঢাকের বাদ্য, আর চার দিনের অবিরাম আনন্দে মাতোয়ারা গোটা শহর। কিন্তু ভিড়, যানজট আর নিরাপত্তার কারণে অনেকসময়েই আনন্দের মাঝে যোগ হয় ঝক্কি। সেইসব ঝক্কিকে সহজ করতে এ বার কলকাতা পুলিস নিয়ে আসছে এক অভিনব উদ্যোগ- ‘Pujo Bondhu’ অ্যাপ।

চতুর্থী থেকে (আগামী শুক্রবার) লঞ্চ হতে চলেছে এই বিশেষ অ্যাপ। প্লে-স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। মূলত পুজো ভ্রমণকে আরও নিরাপদ, তথ্যসমৃদ্ধ আর ঝঞ্ঝাটমুক্ত করতেই এই পদক্ষেপ। এই অ্যাপে মিলবে সব পুজোর খোঁজ একসঙ্গে। শহর ও শহরতলির ১০০-রও বেশি পুজোর তথ্য এক ক্লিকেই মিলবে। 

এবার দেবীদর্শন হবে ঘরে বসেই। লোকেশন অনুযায়ী প্রতিমার ছবি দেখতে পারবেন। চাইলে সশরীরে যাবেন কি না, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এমনকি আপনার অবস্থান থেকে মণ্ডপ কতটা দূরে, অ্যাপই জানাবে। নিকটবর্তী এটিএম, বাসস্টপ, পার্কিং স্পট- সব থাকবে হাতের মুঠোয়। 

ভিড়ে বিপদে পড়লে সরাসরি পাওয়া যাবে এমারজেন্সি নম্বর। অ্যাপ ছাড়াও রাস্তায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা। পাশাপাশি খুলছে কিয়স্ক, যেখানে সাইবার জালিয়াতি সম্পর্কেও দেওয়া হবে সচেতনতার বার্তা। এছাড়া কলকাতা পুলিসের পক্ষ থেকে একটি ওয়েবসাইটও চালু করা হচ্ছে।

দুর্গাপুজোতে কলকাতা রাস্তায় নামে লক্ষ লক্ষ মানুষ। সেক্ষেত্রে রুট চেনা, যানজট এড়ানো বা জরুরি অবস্থায় সাহায্য পাওয়া সবটাই সহজ হবে এই অ্যাপের মাধ্যমে। প্রযুক্তির হাত ধরে এবারের পুজো ভ্রমণ তাই হবে আরও আনন্দময়। 

×
  • CTVN