পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে, মোটামুটি ভালো জামাকাপড় পরে, সুন্দর সাজগোজ করেই ডেটে যান সব বয়েসের পুরুষ ও মহিলারা। কথাতেই আছে পহেলা দর্শনধারী, সামনের মানুষটিকে ইমপ্রেস করার জন্য একটা সুন্দর সন্ধ্যা, সুন্দর সাজ আর সুন্দর গন্ধ-ই যথেষ্ট। আপাতত এটাই ছিল গতে বাঁধা, রুটিন মাফিক ডেটে যাওয়ার আগের টাস্ক। কিন্তু সেই চেনা রুটিন ভেঙে এবার ডেটিংয়ের নতুন ট্রেন্ড তৈরী হল, যার পোশাকি নাম 'ফেরোমোন ম্যাক্সিং', ট্রেন্ডিং 'লুক্সমাক্সিং'-এর সাব কালচার। ফেসবুক, ইন্সটাগ্রাম বা ইউটিউবে চলা এই ট্রেন্ডে গা-ভাসিয়ে, ডেটের আগে স্নান না করা, ডিওডোরেন্ট না লাগানো, এমনকি আগের দিনের ঘামে ভেজা পোশাক পরার কথা বলা হচ্ছে । খুব সহজ ভাষায় বলতে গেলে, নিজের শরীরের স্বাভাবিক গন্ধ বা ফেরোমোনকে কাজে লাগিয়ে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার নাম-ই ফেরোমোন মাক্সিং।
বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ফেরোমোন (Pheromone) আচরণ ও আকর্ষণে প্রভাব ফেললেও, মানুষের ক্ষেত্রে যৌন আকর্ষণে এই যৌগ প্রভাব ফেলে, বিজ্ঞান তা নিশ্চিত করতে পারেনি। তবে ট্রেন্ড অনুসরণকারীদের দাবী, পুরুষ বা নারীর ঘাম, শরীরের নিজস্ব গন্ধ ও ফেরোমোনের মিশেলে যে গন্ধ তৈরী হয়, তা অবচেতন ভাবেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আর এই গন্ধকে চরম সীমায় পৌঁছে দেয় এই নতুন ট্রেন্ড। ইন্টারনেটের 'আলফা' বা 'সিগমা' মেল কমিউনিটির হাত ধরেই এই ট্রেন্ডের উৎপত্তি। তাদের মতে, শুধু দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করলে হবে না, জীবনযাপন এমন করতে হবে যাতে প্রকাশ পায় 'নিজস্ব গন্ধ', আর তাতেই ম্যাজিক ঘটবে ডেটিং লাইফে।
এছাড়াও তাদের মতে, বাজার চলতি পারফিউমের বদলে ব্যবহার করা উচিত সিনথেটিক ফেরোমোন যুক্ত সুগন্ধির। ঘাড়ের পিছনে, কব্জিতে বা কলার বোনের মতো পালস পয়েন্টে লাগালেই বাজিমাত। কড়া গন্ধের সাবান বা ডিওড্র্যান্টে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে এই ট্রেন্ড অনুসনকারীরা। যাতে শরীরের নিজস্ব গন্ধ কোনোভাবেই না ঢাকা পড়ে যায়। সঙ্গে নিয়মিত ভারী ব্যায়াম ও প্রচুর পরিমানে জল খাওয়ার পরামর্শ দিচ্ছে এরা।
অনলাইনে এত ট্রেন্ডিং হওয়া সত্ত্বেও, ফেরোমন ম্যাক্সিং-এ পুরোপুরি মজে উঠতে পারিনি জেন-জি। তারা পরিচ্ছন্নতাকেই গুরুত্ব দিয়ে বলেছেন, সব কিছু ট্রেন্ডিংকে কখনই ফলো করা যায় না। এক এক জনের কাছে, গায়ের দুর্গন্ধ আকর্ষণের বদলে ঘৃণার উদ্রেক করে। ফেরোমোনের এই আকর্ষণী ক্ষমতা নিয়ে চিকিৎসকরাও সন্দিহান, এবং তার যথেষ্ট কারণও আছে। ওনাদের মতে, দীর্ঘদিন স্নান না করে থাকার ফলে, শরীরে যে ঘাম বা ময়লা জমবে, ফেরোমোন তো বাড়বেই না উল্টে ত্বকে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। আর কৃত্রিম ফেরোমোন পারফিউমের কার্যকারিতা নিয়েও কোনও অকাট্য যুক্তি বিশেষজ্ঞরা দেখাতে পারেনি। ফলে ভাইরাল 'ম্যাক্সিং' ট্রেন্ডের চেয়ে সাধারণ পরিচ্ছন্নতাকেই অনেক বেশি গুরুত্ব দিচ্ছে জেন-জি, জেন-আলফারা। তাই আপনি পরিষ্কার হয়ে ডেটে যাবেন নাকি উৎকট গায়ের গন্ধ দিয়ে সঙ্গীকে আকর্ষণ করবেন? ভেবে দেখুন একটু!