Calcutta Television Network

ফেসবুক-ইনস্টাগ্রামে পর্ন অ্যাপের প্রলোভন, APK নামালেই খালি হতে পারে অ্যাকাউন্ট!

ফেসবুক-ইনস্টাগ্রামে পর্ন অ্যাপের প্রলোভন, APK নামালেই খালি হতে পারে অ্যাকাউন্ট!

4 September 2026 , 11:39:16 am

স্মার্টফোনে পর্ন দেখেন? পর্নোগ্রাফিক কনটেন্ট দেখার অভ্যাস আছে নিয়মিত? কোনোভাবে ক্ষতিকারক অ্যাপ ডাউনলোড করলে বিপদে পড়তে পারেন আপনিও। এমনই একাধিক অ্যাপ নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা। অভিযোগ, এই অ্যাপগুলি ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত বিভিন্ন তথ্য ও ব্যাঙ্ক সংক্রান্ত ডেটা হাতিয়ে নিতে পারে। সতর্কতা তালিকায় রয়েছে ‘নাইট প্লে’, ‘রিলুপ’, ‘কিস’, ‘ভিমো’, ‘রিভো’, ‘নেক্সো’ এবং ‘ভিক্সা’-সহ একাধিক অ্যাপ। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট বা এনসিটিএইউ জানিয়েছে, এই অ্যাপগুলির মাধ্যমে আর্থিক প্রতারণার বিপুল আশঙ্কা রয়েছে। মূলত ফেসবুক ও ইনস্টাগ্রামে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের বারংবার ফাঁদে ফেলা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারী একটি ওয়েবসাইটে পৌঁছন এবং সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপ ডাউনলোড করতে উৎসাহিত হন সেই ব্যক্তি।

এই অ্যাপগুলি গুগ্‌ল প্লে স্টোরে সাধারণত পাওয়া যায় না। পরিবর্তে এপিকে ফাইল হিসেবে ব্রাউজার থেকে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। অ্যাপ ইনস্টল হওয়ার পরে ফোনের বিভিন্ন তথ্য ও পরিষেবা ব্যবহারের অনুমতি চাওয়া হয় ব্যবহারকারীর কাছে। বিশেষ করে ‘অ্যাক্সেসিবিলিটি’ অনুমতি দিলে প্রতারকেরা ফোনের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়ে যায়। এর মাধ্যমে স্ক্রিনের তথ্য দেখা, ওটিপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অননুমোদিত লেনদেনের আশঙ্কা তৈরি হতে দেখা যায়। কিছু ক্ষতিকারক অ্যাপ আবার ভিপিএন ইনস্টল করে ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহারের তথ্য অন্য সার্ভারের মাধ্যমে পাঠাতে সক্ষম বলেও সতর্ক করা হয়েছে। কেন্দ্রের পরামর্শ, শুধুমাত্র গুগ্‌ল প্লে স্টোর বা বিশ্বস্ত যেকোনো অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত। অচেনা লিঙ্ক থেকে এপিকে ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক অ্যাপ থাকলে তা দ্রুত সরিয়ে দেওয়া এবং প্রয়োজন হলে ফোনে ‘সেফ মোড’ চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করতে হবে অথবা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN