খুব চুলকাচ্ছে আপনার পিঠ, কিন্তু হাত যাচ্ছে না বা সুড়সুড়ি খেতে পছন্দ করেন কিন্তু দিয়ে দেওয়ার লোক নেই। এবার কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পিঠ চুলকানোর লোক। কি অবাক হচ্ছেন! এতদিন পয়সা দিলে জুতা সেলাই টু চন্ডীপাঠ সব কিছুর লোক পেয়ে গেছেন। এবার সম্ভবত পিঠ চুলকানোর লোকও পেয়ে যেতে পারেন পয়সার বিনিময়ে। মেসেজ পার্লারের ধাঁচেই, পিঠ চুলকানোর পার্লার খুলে মাসে প্রচুর টাকা ইনকাম করছেন চিনের এক তরুণ।
চিনের শেনঝেনে বসবাসকারী ৩২ বছরের ঝাং শিয়াওচিয়াও ও তাঁর সংস্থা ‘সুমা’, এমনই পরিষেবা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এখানে প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের পিঠ-সহ শরীরের বিভিন্ন অংশ আলতো হাতে চুলকিয়ে দেন, অনেকটা মেসেজ পার্লারের ধাঁচেই। তার বদলে গ্রাহকদের গুনতে হবে এক ঘণ্টায় দিতে হয় ৩০০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,২০০ টাকার সমান! ঝাং-এর মোট দুটি আউটলেট্ রয়েছে চিনে। সেগুলি থেকে মাসে প্রায় ১,০০,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১৪ লক্ষ টাকার কিছু বেশি) আয় হয়। ভাবুন, শুধু পিঠ চুলকেই লক্ষ টাকার আয়।
পড়াশুনা শেষ করার পরে ঝাং মোট সাতটি চাকরি ছাড়েন, গতে বাঁধা চাকরি বাকরি তার ভালো লাগতো না। ইচ্ছে ছিল নিজের কিছু করার, শুরু করলেন ব্যবসা। তাতেও খুব একটা সুবিধা করতে পারলেন না ঝাং। এরপর সমাজমাধ্যমে, একটি ভিডিওতে দেখেন যেখানে এক মহিলা তাঁর স্বামীর পিঠ চুলকে দিচ্ছিল। ওই ভিডিওটির কমেন্টে অনেকেই দাবী করেছিলেন, এমন পরিষেবার জন্য তাঁরা টাকা দিতে রাজি! আর এখান থেকেই ২০২৬ এর মে মাসে, সে খুলে ফেলে চুলকুনি নিরাময়ের দোকান।
ঝাংয়ের দাবি, একাকিত্ব আর কর্মব্যস্ত জীবনে মানুষের সময়ের অভাব। সেক্ষেত্রে অনেকেই একটু আরাম খোঁজেন, আর তার এই আউটলেটে হালকা হাতে চুলকে দেওয়া হয় পিঠের বিভিন্ন জায়গা। তার কথায়, গ্রাহকদের প্রায় ৭০ শতাংশই পুরুষ, এবং দুটো আউটলেট থেকে ভালোই সাড়া পাওয়া গেছে। আগামী দিনে তার ইচ্ছে গোটা দেশ জুড়ে ১০০ টি আউটলেট খোলার। কে বলতে পারে, সুমা একদিন কলকাতায় পরিষেবা দিচ্ছে, আর আপনি যাচ্ছেন চুলকানি খেতে!