Calcutta Television Network

হাতের বাইরে সোনা! দাম বাড়লো হলুদ ধাতুর...

হাতের বাইরে সোনা! দাম বাড়লো হলুদ ধাতুর...
10 January 2026 01:18:39 pm

শীতের দাপট যতই বাড়ুক, সোনার দামে কিন্তু ঠান্ডা পড়েনি। বরং সপ্তাহান্তে ফের ঊর্ধ্বমুখী হল হলুদ ধাতুর দর। চলতি সপ্তাহের মাঝামাঝি কিছুটা স্বস্তি মিললেও শনিবার আবারও চড়া হল সোনার দাম। কলকাতা-সহ দেশের প্রায় সব বড় শহরেই বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার মূল্য।


১০ জানুয়ারি, শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ২৮ হাজার ৭৫০ টাকা। অন্য দিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৪৬০ টাকা। উৎসব, বিয়ে কিংবা সঞ্চয়ের কথা ভেবে যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই দর নিঃসন্দেহে চিন্তার কারণ।


শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মহানগরগুলিতেও সোনার দামে একই ছবি। দিল্লি ও জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৬ হাজার ৬৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দর ১ লক্ষ ৩৮ হাজার ১৫০ টাকা। মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা দরে, এবং ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৩৮ হাজার টাকা।


আহমেদাবাদ ও পাটনায় সামান্য হেরফের দেখা যাচ্ছে- সেখানে ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৬ হাজার ৫৫০ টাকা, আর ২৪ ক্যারাট ১ লক্ষ ৩৮ হাজার ৫০ টাকা। গুরুগ্রাম ও লখনউতেও দিল্লির সঙ্গে সোনার দরের মিল রয়েছে।


বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলার সূচকের পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবেই দেশে সোনার দাম আবার চড়েছে। ফলে এখনই সোনা কেনা লাভজনক হবে কি না, সে বিষয়ে সাধারণ ক্রেতাদের আরও কিছুটা সতর্ক থাকাই ভালো। 

×
  • CTVN