Calcutta Television Network

লক্ষ্মীবারে স্বস্তি, পড়ল সোনার দাম...

লক্ষ্মীবারে স্বস্তি, পড়ল সোনার দাম...
11 December 2025 12:22:44 pm

বছর জুড়ে ওঠানামা করা সোনার বাজারে আবারও মিলল স্বস্তির হাওয়া। লক্ষ্মীবারেই দামে নেমে এসেছে খানিকটা পতন, যার ফলে বিয়ের মরশুমে স্বর্ণপ্রেমী মধ্যবিত্ত পরিবারগুলির মুখে ফিরেছে হাসি। অনিশ্চিত বাজারে যখন প্রতিদিনই দাম উর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকে, ঠিক সেই সময়েই বৃহস্পতিবার সোনার দর কমে যাওয়া-খুবই স্বস্তিদায়ক।

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার দেশের বহু বড় শহরে ২২ ও ২৪ ক্যারাট সোনার দরে সামান্য হলেও পতন লক্ষ্য করা গেছে। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১,১৯,৩৫০ টাকায়, আর ২৪ ক্যারাট ১,৩০,২০০ টাকায়। বিগত কয়েকদিনের তুলনায় এই দাম ক্রেতাদের জন্য বেশ সুখবর।

দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু বা চেন্নাই-প্রায় সব মহানগরেই দাম একই সুর গেয়েছে। দিল্লিতে ২২ ক্যারাট ১,১৯,৫০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৩০,৩৫০ টাকা। চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরুর দামও কলকাতার সঙ্গে প্রায় সমানতালে। 

আহমেদাবাদ ও পাটনায় ২২ ক্যারাট সোনার দাম ১,১৯,৪০০ টাকা-যা সারা দেশের তুলনায় সামান্য বেশি হলেও ক্রেতাদের মনোবল বাড়ানোর মতোই।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামে ওঠানামা এবং বৈদেশিক অর্থনৈতিক চাপ কমার সঙ্গে সঙ্গে সোনার দাম খানিকটা নিম্নমুখী হয়েছে। বিয়ের মরশুমে যাঁরা কেনাকাটার পরিকল্পনা করছেন, তাঁদের মতে, এটাই 'পারফেক্ট টাইম'।

তবে বাজারে যে অস্থিরতা রয়েছে, তা যে কোনও দিনই দামের উলটো স্রোত তৈরি করতে পারে। তাই বিশারদদের পরামর্শ-স্বর্ণ কেনার ইচ্ছে থাকলে এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। সব মিলিয়ে লক্ষ্মীবারে সোনার দামে পতন মধ্যবিত্তের কাছে যেন সত্যিই 'লক্ষ্মী আগমন'!

×
  • CTVN