সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট অবহেলা, দূরত্ব বা ভুল বোঝাবুঝি সেই বিশ্বাসের ফাঁক গলে সন্দেহকে জায়গা করে দেয়। একবার সন্দেহ ঢুকে পড়লে সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট হতে শুরু করে। তবে মনে রাখতে হবে, সন্দেহ হঠাৎ করে জন্ম নেয় না-তার পেছনে থাকে কিছু নির্দিষ্ট কারণ।
প্রথমেই বোঝার চেষ্টা করা দরকার কেন এই অবিশ্বাস তৈরি হচ্ছে। অনেক সময় সঙ্গীকে যথেষ্ট সময় না দেওয়া, আচরণের হঠাৎ পরিবর্তন, অতীতের কোনও তিক্ত অভিজ্ঞতা বা অজান্তে করা ভুল থেকেই সন্দেহের সূচনা হয়। তাই সমস্যার সমাধান করতে হলে আগে তার মূল কারণ খুঁজে বের করা অত্যন্ত জরুরি।
সম্পর্কে স্বচ্ছতা থাকাও খুব গুরুত্বপূর্ণ। নিজের কাছে পরিষ্কার করে নিন আপনি কেন এই সম্পর্কে আছেন-শুধু সময় কাটানোর জন্য, নাকি ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে। এই বিষয়টি সঙ্গীর সঙ্গেও খোলাখুলি আলোচনা করা প্রয়োজন। এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই কমে যায়।
অনেক ক্ষেত্রে দেখা যায়, সঙ্গীকে যথেষ্ট সম্মান বা গুরুত্ব না দেওয়ার কারণেই সম্পর্কের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তার কথা না শোনা, একসঙ্গে সময় না কাটানো বা বারবার উপেক্ষা করার ফলে মনে সন্দেহ জন্ম নিতে পারে। তাই সম্পর্ক সুস্থ রাখতে হলে সম্মান ও সময়-এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে।
একই সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। এতে সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হয়। এছাড়াও ব্যস্ত জীবনের মধ্যেও নিয়মিত কিছু সময় শুধু সঙ্গীর জন্য রাখা প্রয়োজন, কারণ একাকিত্ব থেকেই অনেক সময় সন্দেহের জন্ম হয়।
তবুও যদি সমস্যার সমাধান না হয়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও প্রয়োজন হতে পারে। পাশাপাশি খোলামেলা কথোপকথন, প্রতিশ্রুতি রক্ষা, অপ্রয়োজনীয় গোপনীয়তা এড়ানো এবং অতীতের ভুল থাকলে তা স্বীকার করা... এই সবই বিশ্বাস পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ।