Calcutta Television Network

প্রেতপুরী নাকি মুক্তিক্ষেত্র? গয়ার পিন্ডদান ঘিরে যে রহস্য আজও অমীমাংসিত

প্রেতপুরী নাকি মুক্তিক্ষেত্র? গয়ার পিন্ডদান ঘিরে যে রহস্য আজও অমীমাংসিত
11 November 2026 • 06:44:55 pm

গয়া কারোর কাছে প্রেতপুরী, আবার কেউ বলেন মুক্তিক্ষেত্র। ভগবান বিষ্ণুর চরণ ধারণ করে গয়াসুর সদা জাগ্রত এই তীর্থে। বিহার রাজ্যের ফল্গুনদীর তীরে অবস্থিত গয়া ধাম হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে আসেন পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তির কামনায়। কিন্তু গয়ার এই পিন্ডদানকে ঘিরে এমন এক রহস্যময় লোককথা প্রচলিত আছে, যা শুনলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গয়ায় পিন্ড নিবেদন করলে নাকি স্বয়ং প্রেতাত্মারা অদৃশ্য হাত বাড়িয়ে সেই পিন্ড গ্রহণ করে! আদৌ কি সত্যি নাকি সবটাই মিথ?


গয়ার পিন্ডদানের সমস্ত আয়োজন করা থাকে প্রেতশিলায়, টিলা পাহাড়ের উপরে একটি জায়গায়। বলা হয়, যেসব আত্মা অকালমৃত্যু বা অতৃপ্ত বাসনার কারণে মুক্তি পায় না, তারা প্রেতযোনিতে আবদ্ধ থাকে। গয়ায় এসে শাস্ত্রীয় রীতি মেনে পিন্ডদান করলে সেই অতৃপ্ত আত্মারা মুক্তি পায়।

স্থানীয় পুরোহিত এবং অনেক তীর্থযাত্রীর দাবি, প্রেতশিলা পাহাড়ের চূড়ায় পিন্ডদান করার সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে। পিন্ডের ওপর ছাতু ছড়িয়ে দেওয়ার পর অনেক সময় দেখা যায়, হঠাৎ এক দমকা হাওয়ায় বা অদৃশ্য কোনো স্পর্শে সেই ছাতু মুহূর্তেই উড়ে যাচ্ছে। ভক্তদের দৃঢ় বিশ্বাস, কোনো অশরীরী আত্মা বা প্রেতাত্মা হাত বাড়িয়ে পিন্ড গ্রহণ করার ফলেই এমনটা ঘটে।

পুরাণ মতে, গয়াসুর নামক এক অসুরের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বর দিয়েছিলেন যে, গয়ার পবিত্র ভূমিতে যারা পিন্ডদান করবেন, তাদের পূর্বপুরুষরা সরাসরি স্বর্গলাভ করবেন। এছাড়া রামায়ণে উল্লেখ পাওয়া যায়, রামচন্দ্রের অনুপস্থিতিতে স্বয়ং সীতা দেবী রাজা দশরথের আত্মার মুক্তির জন্য ফল্গুনদীর বালু দিয়ে পিন্ডদান করেছিলেন। তখন রাজা দশরথ অশরীরী রূপে হাত বাড়িয়ে সেই পিন্ড গ্রহণ করেন। সেই থেকেই পিন্ড গ্রহণের জন্য আত্মাদের এগিয়ে আসার বিশ্বাসটি মানুষের মনে গেঁথে গেছে।


অন্যদিকে, আধুনিক বিজ্ঞান ও যুক্তিবাদীরা এই ঘটনাকে অলৌকিক মানতে নারাজ। তাদের মতে, প্রেতশিলা পাহাড়ের উচ্চতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে সবসময়ই জোরালো বাতাস বয়ে চলে।  পিন্ডের ওপর ছড়ানো হালকা ছাতু সেই বাতাসের ঝাপটাতেই উড়ে যায়। অনেক সময় প্রচণ্ড ভক্তি ও আবেগের বশে মানুষ সাধারণ প্রাকৃতিক ঘটনাকেও অলৌকিক বলে ভুল করেন।

গয়ায় প্রেতাত্মার হাত বাড়িয়ে পিন্ড নেওয়ার বিষয়টি বাস্তবিক কোনো ভৌতিক ঘটনা হোক বা নিছকই মানুষের বিশ্বাস, তবে সবটাই মিথ। বহু মানুষ এই প্রেতশিলায় রাত কাটিয়ে গেছেন, ভারী পরিবেশ ছাড়া সেভাবে কোনকিছুই তাদের চোখে পড়েনি। তবে রহস্য, ইতিহাস আর ভক্তির এই অপূর্ব মেলবন্ধনই গয়াকে যুগ যুগ ধরে আধ্যাত্মিক তীর্থক্ষেত্র হিসেবে বাঁচিয়ে রেখেছে।