সকালের অ্যালার্ম বেজে উঠলেই ধড়ফড় করে ঘুম থেকে উঠে পড়ে সৌম্য। অফিস যাওয়ার তাড়া, মিটিং, ডেডলাইন, মাসকাবারি বাজার, ইএমআই-এর চিন্তা, চলে প্রতিটা দিন। বাবার শরীর খারাপ খুব, হার্টের ওষুধ সাথে ডাক্তারের চেক-আপ প্রতিমাসে। মায়ের হাঁটুর অপারেশন হয়েছে দু-মাস, নড়াচড়ায় অসুবিধা। সব মিলিয়ে তার গোটা জীবনটাই ঘাঁটা। একেক সময় সে আত্মহত্যার চিন্তা করেনি তা নয়! শুধু বাবা-মার মুখের দিকে তাকিয়ে এই চরম সিদ্ধান্তটা নিতে পারেনি সৌম্য। আমাদের সমাজে 'সফল পুরুষ' মানেই সে অক্লান্ত পরিশ্রমী, মোটা বেতনের রোজগেরে। সে কোনোদিনও ক্লান্ত হতে পারে না। বিবাহিত পুরুষরা স্ত্রী-সন্তানের দায়িত্ব, বাবা-মা, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজে ডুবে যায় চরম মানসিক অবসাদে।
ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয়, সংসারের হাল ধরতে হবে শক্ত হাতে। তাই অফিসের বসের ধমক, কাজের অতিরিক্ত চাপ কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা-সবকিছুই তাদের নীরবে হজম করতে হয়। অনেক সময় সহকর্মী বা পরিবারের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করাকে অনেকেই ‘অযোগ্যতা’ বলে মনে করেন। ফলে দীর্ঘদিনের জমে থাকা স্ট্রেস ধীরে ধীরে গ্রাস করে নেয় মনকে। সারাক্ষণ খিটখিটে মেজাজ, কাজে মনোযোগের অভাব এবং প্রিয়জনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, একটা ছেলে ধীরে ধীরে বার্নআউট হতে থাকে।
এইরকম মানসিক পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে শরীরের ওপরও। অনিয়মিত খাওয়া-দাওয়া, ঘুমের অভাব, অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের কারণে কম বয়সেই পুরুষদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি। উইকএন্ড বা ছুটির দিনগুলোও কাটে হয় অফিসের পেন্ডিং কাজ সামলে, নয়ত সপ্তাহভর জমে থাকা ক্লান্তি কাটাতে ঘুমিয়ে। শখের কাজ, বন্ধুদের সাথে আড্ডা, সন্তানের সাথে খেলা বা স্ত্রীর সাথে সুন্দর সময় কাটানো, এসব যেন মুছে যাচ্ছে জীবনের অভিধান থেকে।
কিন্তু কোনো যন্ত্রও একটানা চললে বিকল হয়ে পড়ে, আর মানুষ তো রক্ত-মাংসের গড়া। তাই কর্মক্ষেত্র আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ সীমারেখা টানা খুব প্রয়োজন। অফিসের কাজের পর নিজেকে কিছুটা সময় দেওয়া বড্ড জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং পছন্দের কোনো বই পড়া বা গান শোনার অভ্যাস মানসিক ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে। পাশাপাশি, মনের ভেতর জমে থাকা কথাগুলো প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়াও জরুরি।
আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। এ বছরের বিষয় ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, সুন্দর ভবিষ্যতের অংশীদার হতে হলে নিজেকে ভালো রাখাটা সবার আগে প্রয়োজন। সাফল্যের সিঁড়ি চড়া সামান্য থামিয়ে আজ নিজেকে প্রশ্ন করা যাক-কাজের ভিড়ে জীবনটাকে উপভোগ করা হচ্ছে তো? আসলে পরিবারকে ভালো রাখার প্রথম শর্ত হলো নিজে সুস্থ ও প্রাণবন্ত থাকা, নিজে ঠিক না থাকলে পরিবার ভালো থাকে কি?