Calcutta Television Network

হাঁটতে হাঁটতে অন্য কলকাতা, শতাব্দীপ্রাচীন বইয়ের দোকান ও লিটিল ম্যাগাজিনের খোঁজে

হাঁটতে হাঁটতে অন্য কলকাতা, শতাব্দীপ্রাচীন বইয়ের দোকান ও লিটিল ম্যাগাজিনের খোঁজে
20 November 2026 • 05:35:31 pm

শহুরে কোলাহল বাদ দিলে শহর কলকাতার একটা নিজস্ব চরিত্র আছে। ঠিক যেন, "এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা,হেঁটে দেখতে শিখুন।" হাঁটতে হাঁটতেই মেট্রো স্টেশনকে বাঁয়ে রেখে সেন্ট্রাল এভিনিউকে পিছনে ফেলে, মহাত্মা গান্ধী রোড ধরে সোজা আসলেই একটা অন্য কলকাতা। নাকে আসে পুরানো কিন্তু চেনা একটা গন্ধ, সেটা কেবল ট্রাম লাইনের পোড়া মবিলের গন্ধ নয় কিংবা কড়া করে ভাজা চানাচুরের সুবাসও নয়। ওটা আসলে পুরনো কাগজের গন্ধ, বইয়ের গন্ধ। প্রিন্টিং প্রেসের কালি আর বাঁধাই আঠার সুঘ্রাণ, যা যুগ যুগ ধরে কলকাতার বুকে বুনে চলেছে নস্ট্যালজিয়া। কলকাতার বইপাড়া, ভারতের সবচেয়ে বড় বইয়ের মার্কেট। বাঙালি যে কতটা সাহিত্যপাগল, এখানে পা দিলেই মালুম পাওয়া যায়। যদিও বিশ্বায়নের সাথে বইপাড়ার চরিত্র বদলেছে ঠিকই। কিন্তু কলেজ স্ট্রিট এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে। তাতে সামিল হয়েছে পুরানো কিছু বইয়ের দোকান ,যা এখন ইতিহাস বয়ে নিয়ে চলে। 


বইয়ের গন্ধ মোড়া কিলোমিটার খানেক পথে পুরানো কলকাতার ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে আনাচে কানাচে। সার দিয়ে দাঁড়িয়ে থাকা বইয়ের দোকান গুলো এ শহরের পাহারাদার। কোথাও উঁকি মারছে সুকুমার রায়ের হযবরল-র হিজিবিজবিজ, আবার কোথাও নন্টে ফন্টে-রা। ওদের এড়িয়ে একটু এগিয়ে গেলেই দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন 'দাসগুপ্ত এন্ড কোং', ১৮৮৬ সালে তৈরী হওয়া দোকানটি। কাঠের সিঁড়ি বেয়ে সোঁদা গন্ধ মাখা নতুন-পুরানো বইয়ের মাঝে দাঁড়ালে মনে হয় টাইম মেশিনে চেপে সময় যেনো হুস করে পৌঁছে গেছে সেই উনিশ শতকে। শোনা যায় বিদ্যাসাগর মহাশয় নাকি বইয়ের খোঁজে আসতেন এই দোকানে। কখনও এই দোকানের বুক সেলফে হাত রেখে দেখবেন, ইতিহাসের স্পন্দন টের পাওয়া যাবে। আরেকটু হাঁটুন,এবার চোখে পরবে 'দে'জ পাবলিশিং', 'মিত্র ঘোষ '-সুনীল,শীর্ষেন্দু,বুদ্ধদেব গুহ থেকে শুরু করে আজকের প্রজন্মের লেখকদের আড্ডার আঁতুরঘর হয়ে আছে এই দোকান গুলি। কফি হাউসের কফির কাপে তুমুল রাজনৈতিক তর্কের শেষে একটু নতুন বই নেড়ে ঘেটে দেখা। কলেজস্ট্রিট  বাঙালির বাঙালিয়ানা, বই-আড্ডা-চা-কফি আর তর্কের তুফানে এই রাস্তা কলকাতা কালচারের পোস্টার হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর।  

কলকাতার বই-সংস্কৃতির আরেকটা পিঠ জড়িয়ে আছে পার্ক স্ট্রিটের সঙ্গে। পার্ক স্ট্রিট যেন সেই সাহেব পাড়ার সাহেবি কালচারকে ধরে রেখেছে এখনও। 'অক্সফোর্ড বুকস্টোর'-রে ঢুকলেই চেনা কলকাতা বদলে যায়, নরম আলোয়,সাহেবি চায়ের সুবাসে,সাহেবি বইয়ের বিশাল সম্ভার। ১৯১৯ সাল থেকে অক্সফোর্ড কলকাতার অভিজাত পাঠকদের প্রিয় ঠিকানা। এছাড়াও ছিল "হিগিনবোথামস", 'হ্যান্ডি বুক স্টল'-যদিও সেসব এখন স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে। হাঁটতে হাঁটতে,পার্কস্ট্র্রিট পেরিয়ে এবার ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিট। সস্তায় দুষ্প্রাপ্য ইংরেজি ক্লাসিক বা পুরানো আর্ট ম্যাগাজিন বা পুরানো বইয়ের সন্ধান করলে এই ফুটপাথ আপনাকে আশাহত করবে না। লর্ড বায়রন থেকে জীবনানন্দ, এমন কিছু দুষ্প্রাপ্য বই পাওয়া যায়, যা ইন্টারনেটেও বিরল। মলাটের কোণ ছেড়া, হলুদ হয়ে যাওয়া প্রথম পাতায় কোনও এক "অনীক"-কে "তিস্তার " উপহার, "জন্মদিন শুভ হোক, ১৯৭২।" এই দোকান গুলো শুধু বই বিক্রি করে না। হাত বদল করে আবেগ, স্মৃতি আর ভালোবাসাকে।


কলকাতার বই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে "রাডিকাল" বা "দে বুক স্টোর"-এর মতো দোকান গুলোর কথা না বললে। বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিটের এই দোকান গুলি আজও বাঁচে "লিটিল ম্যাগাজিনে।" প্রাতিষ্ঠানিক সাহিত্যের বাইরে, বিকল্প চিন্তা ভাবনার যে ভাব প্রকাশ সে সব স্বপ্নের পাখা মেলা শুরু হয় এখন থেকেই। কর্পোরেট চাকচিক্যর বাইরে, এখানে শুধু আছে এক বুক জেদ আর সাহিত্যের প্রতি ভালোবাসা। 

প্রযুক্তির অগ্রগতি আর কিন্ডল,অডিও বুকের যুগে হারিয়ে যেতে বসেছে এই শহরের স্মৃতি ধরে রাখা দোকানগুলি। তবে বলতেই হয়, বইয়ের সেই গন্ধ, পাতা ওল্টানোর শব্দ, আর নতুন বইয়ের স্পর্শ প্রযুক্তি দিতে পারেনা। তা ছাড়াও বই কিনতে গিয়ে বিক্রেতার সাথে বই নিয়ে দুটো কথা, সাহিত্য আড্ডা, কফি হাউসের ধোঁয়া ওড়ানো কফি আর প্যারামাউন্টের সরবতের কাছে সব কিছুই ফিকে। তাই কলকাতা আজও বাঁচিয়ে রেখেছে এই বই পাড়া-কে,নিজের স্বার্থেই।  আজও হয়তো অফিস ফেরত মেয়েটি খুঁজে ফেরে প্রিয় উপন্যাসের শেষ অংশ। আর কোনও এক প্রবীণ, ধুলোমাখা মলাটে হাত বুলিয়ে খুঁজে বেড়ান তার হারিয়ে যাওয়া যৌবনের দিন গুলি। বইয়ের দোকান এভাবেই বেঁচে থাক স্মৃতির শহরে, ধুলোমাখা মলাটের আড়ালে লুকিয়ে থাকুক কলকাতার চিরন্তন প্রাণস্পন্দন।