বলা হয় গোটা কলকাতা যখন ঘুমিয়ে থাকে, জেগে থাকে এই বাজার। শহরের পত্তন থেকে আধুনিক কলকাতা, দিনের ২৪ ঘন্টা ধরে যে বাজারে চলে ব্যস্ততা। এই বাজারকলকাতা শহরের অর্থনৈতিক ভাগ্যের ধারক ও বাহক। বড়বাজার, আদি কলকাতার সুতানুটি অঞ্চলে অবস্থিত, উত্তরে পোস্তা এবং জোড়াবাগান দক্ষিণে জোড়াসাঁকো এবং পূর্ব দিকে কলুটোলা, দক্ষিণে বি.বি.ডি.বাগ ও পশ্চিমে হুগলি নদী দ্বারা বেষ্টিত। হুগলি তীরবর্তী হওয়ার কারণে ইংরেজ আমল বা তার আগেও এই এলাকায় ব্যবসা-বাণিজ্যের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পরবর্তীকালে এই বাজার ভারতের বৃহত্তম পাইকারি বাজারগুলির একটিতে প্রসারিত হয়েছিল। বড়বাজার,যা ছিল একসময় বুড়াবাজার, মনে করা হয় ওই এলাকায় বুড়ো শিবের নামে লোকের মুখে মুখে ফিরত এই নাম। আবার অনেক গবেষক মনে করেন, বাজারটি প্রায় ৫০০ বিঘা জমিতে ছড়িয়ে গিয়েছিল আয়তনে। এত বড় এলাকা নিয়ে বাজার থাকার কারণে গুজরাতি ব্যবসায়ীদের মুখে মুখে নাম হয়ে যায় 'বারো' (বাংলায় বড়) ।
বড়বাজার আজ মাড়োয়ারী বা গুজরাটি ব্যবসায়ীদের প্রধান কেন্দ্র হয়ে উঠলেও, অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে এই বাজারের নিয়ন্ত্রণ ছিল মূলত বনেদি বাঙালি পরিবারগুলোর হাতে। শোভারাম বসাক, নিমাই মল্লিক, কুন্ডু এবং ঠাকুর পরিবারের মতো আদি বাঙালি ব্যবসায়ীরাই এখানকার ব্যবসার মূল ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁদের অধীনে থাকা 'বাঙালি গদি' বা গদিঘরগুলো থেকেই একসময় নিয়ন্ত্রিত হতো গোটা পূর্ব ভারতের সুতো ও বস্ত্রের বাজার। ১৭৫৬ সালে যখন সিরাজ-উদ-দৌল্লা কলকাতা আক্রমণ করেন, তখন এই বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্তত এই ঘটনা থেকেই বোঝা যায় সেই আমলে এই এলাকার অর্থনৈতিক গুরুত্ব কতটা ব্যাপক ছিল। পরবর্তীতে বাঙালিদের একাংশ জমিদারি ও ইংরেজ সরকারের অধীনে থাকা চাকরির দিকে ঝুঁকে পড়তে শুরু করলে, রাজস্থান ও গুজরাটের ব্যবসায়ীরা এই গদিগুলোর দখল নিতে থাকে।
ব্যবসায়িক বিস্তারের সাথে সাথেই এই বাজারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল প্রাচীন 'সিল্ক রুট' বা রেশম পথের নাম। মুঘল আমলে (১৬শ-১৭শ শতাব্দী) বাংলার মসলিন, রেশম এবং মশলার বিশ্বজুড়ে বিপুল চাহিদা তৈরি হয়। ফলে পারস্য, আফগানিস্তান এবং মধ্য এশিয়া থেকে ব্যবসায়ীরা ভাগীরথী-হুগলি নদীর তীরে গড়ে ওঠা এই হাটে আসতে শুরু করেন। কাশ্মীরের সিল্ক, শ্রীলঙ্কার হাতির দাঁত, তিব্বতের চামর থেকে শুরু করে সুদূর চিনের রেশম কাপড় ও আফগানিস্তানের শুষ্ক ফল-এসে জমা হতো বড়বাজারের গুদামে। অষ্টাদশ শতাব্দীতে আর্মেনিয়ান, ইহুদি মাঘেন ডেভিড সিনাগগের প্রতিষ্ঠাতা সম্প্রদায় এবং চিনা ব্যবসায়ীরা এই এশিয়ান বাজারের সীমানায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
পোস্তা এবং রবীন্দ্র সরণির সংযোগস্থলে এই আন্তর্জাতিক বাণিজ্যের কারণেই বড়বাজার হয়ে উঠেছিল একটি গ্লোবাল ট্রেড হাব। এই আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে ছিলেন আফগান সওদাগর বা কাবুলিওয়ালারা। ১৮৯২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 'কাবুলিওয়ালা' গল্পটি লেখার বহু আগেই আফগানিস্তান থেকে আসা এই দীর্ঘকায় পুরুষেরা বড়বাজারে নিজেদের আস্তানা গেড়েছিলেন। তাঁরা মূলত আফগানিস্তানের খাটি আতর, হিং, কিশমিশ, পেস্তা এবং আখরোট নিয়ে আসতেন এবং বড়বাজারের পোস্তাপট্টি বা সংলগ্ন জাঁকজমকহীন মেসগুলোতে দল বেঁধে থাকতেন। ব্যবসা করার পাশাপাশি তাঁরা স্থানীয় মানুষদের সুদে টাকা ধার দেওয়ার এক সমান্তরাল ব্যাংকিং ব্যবসাও চালাতেন। ব্রিটিশ আমলে চিন দেশে আফিম রপ্তানি করার পেছনেও বড়বাজারের আফিম গুদামগুলো (Opium Warehouses) এবং হুণ্ডি ব্যবস্থা রহস্যময় হয়ে থেকে গেছে। প্রাচীন স্থাপত্য, ধুলোবালি আর কোলাহলের নিচে চাপা পড়ে থাকা বড়বাজারের প্রতিটি গলি আজও ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে, সাথে বয়ে নিয়ে চলেছে ভারতের অর্থনীতিকেও।