কলকাতা চিরকালই উদযাপনের শহর, আড্ডার শহর। আর এই উদযাপনের একটা বড় অংশ জুড়ে রয়েছে শহরের শতাব্দীপ্রাচীন পানশালা বা বার সংস্কৃতি। সাহেবদের আমল থেকে শুরু করে আজকের জেন-জি প্রজন্মের যুগ পর্যন্ত-কলকাতার পানশালার রূপ, চরিত্র এবং পরিবেশ বদলেছে আমূল। বাবু সংস্কৃতির সেই বনেদি আভিজাত্য কিংবা পার্ক স্ট্রিটের লাইভ মিউজিকের স্বর্ণযুগ পেরিয়ে তিলোত্তমার পানশালাগুলো আজ লাউঞ্জ, গ্যাস্ট্রোপাব আর থিম-বেসড বারের আধুনিকতায় মোড়কবন্দী। কলকাতার পানশালার এই 'একাল সেকাল' আসলে এই শহরের বদলে যাওয়ার গল্প বলে।
সেকালের কলকাতার পানশালা সংস্কৃতির কথা বলতে গেলে সবার আগে মাথায় আসে সাহেবপাড়া অর্থাৎ আজকের পার্ক স্ট্রিট এবং ডালহৌসি চত্বরের কথা। ব্রিটিশ আমলে সাহেবদের মনোরঞ্জনের জন্য গড়ে ওঠা স্পেনসেস হোটেল বা গ্রেট ইস্টার্ন হোটেলের বারগুলো ছিল আভিজাত্যের আরেক নাম। তারও আগে আসে টাভার্নের কথা। সেখানে অবশ্য ছিল সাহেব আর নেটিভদের ফারাক। সব টাভার্ন নেটিভদের জন্য ছিল না। এরপরে আসে সাউ বার, ব্রডওয়ে,অলিপাব। স্বাধীনতা-উত্তর ভারতে, বিশেষ করে ষাট ও সত্তরের দশকে পার্ক স্ট্রিট হয়ে ওঠে ভারতের ‘নাইটলাইফ’-এর রাজধানী। 'ট্রিঙ্কাস', 'মোক্যাম্বো', 'ব্লু ফক্স' কিংবা 'অলিম্পিয়া'-প্রতিটি নামের সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস। সেকালে পানশালায় যাওয়া মানেই কেবল মদ্যপান ছিল না, তা ছিল এক সুন্দর অভিজ্ঞতা। লাইভ জ্যাজ মিউজিক, পিয়ানোর সুর, সুটেড-বুটেড অ্যাংলো-ইন্ডিয়ান গায়িকাদের পারফরম্যান্স আর ধোঁয়া ওঠা সিজলারের সাথে ক্লাসিক হুইস্কি বা রামের গ্লাস-এই ছিল সেকালের বারের চেনা ছবি। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত বা বুদ্ধিজীবীদের জন্য ছিল চৌরঙ্গীর 'চিলিস' বা 'ডেকাসের' মতো কেবিন বার, যেখানে সস্তায় রাম-সোডা আর চিনেবাদাম ভাজা সহযোগে চলত নকশাল আন্দোলন থেকে শুরু করে বিশ্ব চলচ্চিত্রের তুমুল বিতর্ক।
সময়ের সাথে সেই চেনা ছবিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। একালের কলকাতার পানশালাগুলো এখন আর শুধু পার্ক স্ট্রিটের মধ্যে সীমাবদ্ধ নেই। সল্টলেক, সেক্টর ফাইভ, রাজারহাট-নিউটাউন থেকে শুরু করে বালিগঞ্জ বা হিন্দুস্তান পার্কের গলিতে গলিতে এখন গজিয়ে উঠেছে আধুনিক ‘গ্যাস্ট্রোপাব’ এবং ‘মাইক্রোব্রুয়ারি’-র ঠেক। সেকালের সেই লাইভ ব্যান্ডের জায়গা এখন অনেকটাই কেড়ে নিয়েছে হাই-ভোল্টেজ ডিজে আর লেজার শো। আজকের তরুণ প্রজন্মের কাছে পানশালা মানে কাজের ক্লান্তি শেষে-স্ট্রেস বাস্টার। তাই বদলে গেছে পানশালার মেনুও। এখন ক্লাসিক ড্রিংকসের চেয়েও বেশি চাহিদা রকমারি ককটেল, মকটেল আর ক্রাফট বিয়ারের। পানশালার অন্দরসজ্জাতেও এসেছে বিশাল পরিবর্তন-কোথাও রাজস্থানি হাভেলি থিম, কোথাও বা রিল্যাক্সড রুফটপ লাউঞ্জ, যেখান থেকে কাঁচের দেওয়ালে দেখা যায় রাতের কলকাতার নিয়ন আলোয় মোড়া স্কাইলাইন। শুধু তাই নয়, সেকালের পানশালাগুলো যেখানে ছিল মূলত পুরুষপ্রধান, একালের পাব-সংস্কৃতিতে সেই লিঙ্গবৈষম্য পুরোপুরি উধাও। আজকের স্বাধীন, কর্মজীবী নারী-পুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাথে উইকএন্ডে নাইটলাইফ উপভোগ করতে বারে যান ।
সেকাল আর একালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা কিন্তু তার অতীতকে পুরোপুরি ভুলে যায়নি। আজ যতই আধুনিক লাউঞ্জ আসুক না কেন, পার্ক স্ট্রিটের 'ট্রিঙ্কাস'-এর দরজায় আজও উইকএন্ডে লাইন পড়ে। অলিম্পিয়ার সেই পুরনো কাঠের কাউন্টারে আজও প্রবীণ নাগরিকরা এসে তাঁদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন। আবার একই শহরের অন্য প্রান্তে কোনো এক রুফটপ বারে জেন-জি তরুণ-তরুণীরা ককটেলের গ্লাসে চুমুক দিয়ে নতুন দিনের গান গায়। কলকাতার পানশালার এই একাল-সেকাল, দুজনের সহাবস্থানের গল্প। যেখানে অতীত তার আভিজাত্য নিয়ে বেঁচে আছে, আর বর্তমান তাকে কুর্নিশ জানিয়ে নিজের মতো করে ডানা মেলছে। কিন্তু যুগ বদলালেও কলকাতার আড্ডা আর উদযাপনের মেজাজটা আজও একই রয়ে গেছে।