৯০-এর কলকাতা,গরমের ছুটি, উত্তরের অলি গলিতে হাঁক পেরে বেড়াচ্ছেন এক বৃদ্ধ, "হাওয়াই মিঠাই নেবে,বুড়ির চুল নেবে।" গোল-গোল, সাদা, গোলাপি, লাল-হরেক রঙের মেঘের মতো ভেসে বেড়ানো এই জিনিসটি নিমেষে হাওয়া হয়ে যেত। শৈশবের সেসব দিন ফুরিয়ে গেলেও, কটন ক্যান্ডির দিন কিন্তু আজও ফুরায়নি। শীতের দুপুরে চিড়িয়াখানা বা ময়দানে কড়া মিঠে রোদে পিঠ দিয়ে বুড়ির চুলের স্বাদ নিতে নিতে, টাইমমেশিনে চেপে আমরা ফিরে যাই ছোটবেলায়। তুলোর মতো হালকা,চিনির এই খাবারটি মুখে দিলেই "হাওয়া" হয়ে যায় বলেই ভারতে এর প্রচলিত নাম হাওয়াই মিঠাই, অনেকে মজা করে একে "বুড়িয়া কা বাল"-ও বলে। কিন্তু পশ্চিম দেশীয় এই মিস্টিটির নাম কটন ক্যান্ডি, জায়গা বিশেষে ফেয়ারি ফ্লস, ক্যান্ডি ফ্লস কিংবা স্পুন সুগার নামেও পরিচিতি আছে।
চৌদ্দ শতকে ইতালিতে চিনি দিয়ে তৈরী এই মজাদার ক্যান্ডির প্রচলন শুরু হয়। প্রথম দিকে ঘরোয়া ভাবেই চিনির ঘন রসকে বিশেষ পদ্ধতিতে সুতোর মতো তৈরী করে বানানো হতো ক্যান্ডি, কিছুটা ঠিক শোনপাঁপড়ি বানানোর পদ্ধতিতে। তার অনেক পরে,১৮৯৭ সালে মার্কিন যুক্তরাষ্টের বাসিন্দা, উইলিয়াম মরিসন ও জন সি ওয়ার্টন আবিষ্কার করেন কটন ক্যান্ডি তৈরীর মেশিন। উপকরণ হিসাবে রইলো স্পিরিট, চিনি, ভোজ্য তেল আর হালকা রঙ। চলন্ত মেশিনের উপরিভাগের থালার মতো জায়গার মধ্যের ছিদ্রতে দেওয়া হয় এই উপকরণ। মেশিনের ঘূর্ণিতে যে তাপ উৎপাদন হয় তা থেকে রূপ নেয় হাওয়াই মিঠাই। এক কেজি চিনি দিয়ে প্রায় ৫৫০ থেকে ৭০০ হাওয়াই মিঠাই বানানো যায়। শুরুতে সেভাবে সাড়া না পেয়ে মরিসন ও ওয়ার্টন তাদের মেশিনে তৈরী ক্যান্ডি নিয়ে হাজির হলেন সেন্ট লুইসের ওয়ার্ল্ড ফেয়ারে,সালটা ১৯০৪। অবাক হওয়ার বিষয়, গোটা মেলায় তারা ৬৮ হাজার ৬৫৫ বাক্স ক্যান্ডি বিক্রি করেন, যার দাম ছিল ক্যান্ডি প্রতি ২৫ সেন্ট। তারপরেই বিশ্ব জুড়ে ক্রমেই জনপ্রিয়তা বাড়ে এই খাবারটির, বাজার চাহিদা ও জনপ্রিয়তার জন্য একাধিক কোম্পানি এগিয়ে আসে উৎপাদন ও বিপণনের জন্য। তবে কানাডার 'টটসি রোল অফ কানাডা', বিশ্বের সর্বাধিক হাওয়াই মিঠাই উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। মার্কিন মুলুকে এর জনপ্রিয়তা এতটাই আকাশ ছোঁয়া যে তারা ৭ ডিসেম্বর দিনটি ‘জাতীয় কটন ক্যান্ডি ডে’ হিসাবে পালন করে থাকে।
আমেরিকা,ইউরোপ জয় করে কটন ক্যান্ডি জনপ্রিয়তা লাভ করে ভারতেও। মেলা, উৎসবের সময় এই ক্যান্ডি স্টল গুলোয় চলে ব্যস্ততা। কারিগরদের হাত চলছে সমানে। চিনির সুতো পাক খেতে খেতে তৈরী হচ্ছে গোলাকার,লাল, গোলাপি হরেক রঙের বুড়ির চুল। তারপর পলিথিনে প্যাক হয়ে দোকানের বাইরে ভেসে থাকে মেঘের মতো। দুর্গাপূজা, কালী পূজা, রথের মেলা, শীতকালে ভিক্টরিয়া, নন্দন, চিড়িয়াখানা চত্বরে আজও এর দেখা পাওয়া যায়। এছাড়াও আজকাল শপিং মল বা অনলাইন স্টোরে কটন ক্যান্ডি বিক্রি হয় যথেষ্ট। যদিও পুরোনো দিনের মতো ফেরিওয়ালা "বুড়ির চুল" বলে হাঁক দেয়না ঠিকই, কিন্তু দোকান থেকে কিনে একবার মুখে দিলেই কয়েক সেকেন্ডের জন্য এখনও হাওয়া হওয়াই যায় ব্যস্ত জীবন থেকে।