অনিন্দ্য বিশ্বাস: গত কয়েক বছরে বঙ্গোপসাগর আর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের চরিত্র অনেকটাই বদলে গিয়েছে। কিছু বছর আগেও নিম্নচাপগুলি সাধারণ নিম্নচাপ বা খুব কম শক্তিশালী সাইক্লোনে পরিণত হত, এখন সাধারণ নিম্নচাপ অল্প সময়ের মধ্যেই পরিণত হচ্ছে প্রবল শক্তিশালী ‘সুপার সাইক্লোনে’। আবহাওয়াবিদ আর জলবায়ু বিজ্ঞানীদের মতে, এর পেছনে প্রধান কারণ হলো বিশ্ব উষ্ণায়ন আর সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি।
ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন তৈরির মূল কারণই হল সমুদ্রের উষ্ণ জল। সাধারণত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের যে অতিরিক্ত তাপ, তা শুষে নিচ্ছে সমুদ্র। যার জেরে বঙ্গোপসাগর আর বিশেষ করে আরব সাগরে জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আর তাপ বায়ুমণ্ডলে মিশে নিম্নচাপকে দ্রুত শক্তিশালী করে সুপার সাইক্লোন করে তুলছে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটিকে বলছেন ‘র্যাপিড ইনটেনসিফিকেশন’, অর্থাৎ কোনো নিম্নচাপ ২৪ ঘণ্টার মধ্যেই সাধারণ ঘূর্ণিঝড় থেকে ভয়ংকর সুপার সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে, যা প্রভাব সরাসরি এসে পড়ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে।
সাধারণত বঙ্গোপসাগরের চরিত্র ঘূর্ণিঝড়প্রবণ হলেও, সাম্প্রতিক সময়ে আরব সাগরেও ঘূর্ণিঝড়ের সংখ্যা আর তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েছে। এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড়ের সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, যা উপকূলীয় বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হচ্ছে আর নোনা জলে চাষের জমি নষ্ট করছে। উষ্ণ বায়ুমণ্ডল তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধরে রাখতে সক্ষম। তাই এখনকার সাধারণ নিম্নচাপের সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার পাশাপাশি অতিভারী বৃষ্টিপাত হচ্ছে, যা উপকূলবর্তী অঞ্চলে সৃষ্টি করছে ভয়াবহ বন্যার। আম্ফান, ফণী কিংবা মোখার মতো সাম্প্রতিক ঝড়গুলি বার বার দেখিয়ে দিয়েছে যে প্রকৃতির এই রুদ্ররূপ কতটা ধ্বংসাত্মক হতে পারে।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হলে বিশ্বজুড়ে কার্বন দূষণ কমানো ছাড়া আর কোনো বিকল্প নেই। বাড়াতে হবে গাছপালা, বন এলাকার সংখ্যা। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে মজবুত বাঁধ নির্মাণ, ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা আর আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। তা না হলে ভবিষ্যতে সুপার সাইক্লোনের তাণ্ডব উপকূলের জনজীবনকে আরও বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।