১৮০০ সাল, তখন কলকাতায় ইংরেজ আমল। সবে সবে কোম্পানি রাজত্ব শুরু করেছে। বড্ড কড়া মেজাজ, পান থেকে চুন খসলেই ফাঁসি আর গর্দান, না হলে নির্বাসন। এর মধ্যেই রটে গেল ফাঁসি হবে। কার ফাঁসি? কি তার অপরাধ? ২৫ টাকা দামের ঘড়ি চুরি করার অপরাধে ফাঁসি হবে ব্রজমোহনের। সাথে রাহাজানি করার অপরাধে ফাঁসি হবে হরি পাল, প্রসাদ পাল, রাজময় এবং চৈতনের।
এবার বিষয় হল ফাঁসি হবে কোথায়? যাতে সবাই অপরাধ করতে ভয় পায়, তাই ফাঁসি হত প্রকাশ্যে। আজকের অফিস পাড়ার ওয়েলেসলি প্লেস আর তার পাশের রাস্তাটা জুড়ে ছিল বড় বড় গাছ। পিল পিল করে ফাঁসি দেখতে আসতো জনতা। সেই গাছ তলাতেই একে একে ঝুলিয়ে দেওয়া হত আসামীদের। কেউ ফেলতো কেঁদে আবার কেউ ইংরেজ বাহাদুরকে ধন্য ধন্য করতেন। যদি কেউ জিজ্ঞাসা করতো কোন আইনে এই ফাঁসি, উত্তর আসতো আজব আইনে। গরীব-গুর্বোদের ফাঁসি সেটা সাহেবদের কাছে 'ফ্যান্সি', সেই থেকে হয়ে গেল নাম 'ফ্যান্সি লেন', বাংলার অপভ্ৰংশ।
এই আজব আইনের ফাঁসে ফাঁসি হল মহারাজ নন্দকুমারেরও। সে রাজার ছেলে, তাই সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করতে পেরেছিলেন। এই ঘটনা তাও ১৭৭৪ এর পরে। তারও আগে যে কত ফাঁসি হয়েছে তার ইয়ত্তা নেই। বিচারের চেয়ে ঝুলে পড়া ভালো ছিল। এরকম কত লোকের ফাঁসি হয়েছে সেই সংখ্যা বের করা মুশকিল।
তবে আজকের ফ্যান্সি লেনে এসবের চিহ্ন নেই। ঝা-চকচকে ডালহৌসির রাস্তা। তবে এখনো এই রাস্তা নির্জন, অফিসপাড়ার পিছন দিক বলেই বোধহয়। সেসব গাছ আর এখন নেই, যারা ফাঁসির চিহ্ন বয়ে বেড়াত। তবে খুঁজলে তাদের বংশধর হয়তো পাওয়া যাবে। তবে হ্যাঁ, মাঝরাতে ও রাস্তায় গেলে কিন্তু সাবধান! ভুল করেও যদি কাউকে ঝুলে থাকতে দেখেন, হয়তো ব্রজমোহন বা চৈতন। হাইকোর্টের দিকে মুখ করে তাকিয়ে আছে, বিচারের অপেক্ষায়।
(তথ্যসূত্র: কলকাতা, শ্রীপান্থ)