ত্বরায় চলিল তরী তিলেক না রয়।
চীৎপুর সালিখা এড়াইয়া যায় ।।
কলিকাতা এড়াইলা বেনিয়ার বালা।
বেতরড়েতে উতরিল অবসান বেলা ।।
ষোড়শ শতকে রচিত কবি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে, আজকের 'সিটি অফ জয়'-র পরিচয় পাওয়া যায়। কলকাতা, যে শহরের প্রতিটা রাস্তা, গলি, স্থাপত্য, মন্দির ইতিহাস বয়ে বেড়ায়, সেই শহরের নামকরণের ইতিহাসও বেশ মজার। জব চার্ণকের গোড়াপত্তনের অনেক আগেই কলকাতা জনপদের অস্তিত্ত্ব ছিল। পঞ্চদশ শতকের কবি বিপ্রদাস পিপিলাই রচিত বাংলা গ্রন্থ ‘মানসা-বিজয়’-এ কালীঘাট অঞ্চলের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায়। বণিক চাঁদ সদাগর তাঁর সপ্তডিঙ্গা মধুকর নিয়ে বাণিজ্যযাত্রার সময় আদি গঙ্গার পথ ধরে এগিয়েছিলেন। তাঁর যাত্রাপথে চিৎপুর, বেতড় ও কালীঘাট অঞ্চল সহ হুগলি নদীর দুইপাড়ের অনেক জনপদের উল্লেখ পাওয়া যায়। গ্রীক দার্শনিক টলেমির বিবরণে, যে পথ দিয়ে বণিকরা বানিজ্য করতে যেতেন সিংহল, যবদ্বীপ, মালদ্বীপ, সুবর্ণদ্বীপে, সেই আদি গঙ্গার যাত্রা পথে একটি জনপদের নাম ছিল ‘কলিগ্রামাম’ (Colygrammam), যার বাংলা করলে দাঁড়ায় কালীগ্রাম। মজার বিষয় হল টলেমির সেই রচনা দুহাজার বছর আগের, অর্থাৎ সেই সময়ে এই নামের জনপদের অস্তিত্ব ছিল। ১৫৯৬ সালে রচিত আবুল ফজলের আইন-ই আকবরী তে, কলকাতা নামের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে ‘কালীকোটা’ নামের জনপদটি সুবা বাংলার সরকার সাত'গা র অন্তর্গত।
কলকাতার নামকরণ নিয়ে আলোচনা করতে গেলেই উঠে আসে 'কালীক্ষেত্র কলকাতা'-র প্রসঙ্গ। আগেই বলা হল, টলেমির রচনায় ‘কলিগ্রামাম’ বা কালীগ্রামের উল্লেখ আছে। আজকের কালীঘাট অঞ্চলে গুপ্তযুগের স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছিল। তন্ত্র শাস্ত্র অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে বহুলাপুর অর্থাৎ আজকের বেহালা পর্যন্ত ধনুকাকার তিন যোজন ক্ষেত্র কালীর নিত্য অধিষ্ঠানভূমি। এখানে অষ্টচণ্ডীর সাথে কালী বিরাজ করেন কৈবল্যদায়িনী রূপে। আর কালীগ্রাম বা দেবী কালীর নামের সাথে এই জায়গার নাম কালীকোঠা (কালীর বাড়ি), কালীকোটা এবং পরে কলিকাতা হয়। গাঙ্গেয় বঙ্গে অবস্থানের কারণে, এই এলাকা এক সময় খাঁড়ি, জলাভূমি তে ভর্তি ছিল। জোয়ারের সময় আদি গঙ্গার জল ঢুকে প্লাবিত হত এই এলাকা, সেই জলকে সামলাতেই কাটা হত খাল। আর সেই কাটা খাল থেকে, 'খাল কাটা', লোকমুখে তা হল কলকাতা।
আবার কারোর মতে শামুক পুড়িয়ে তৈরি ধবধবে 'কলি' চুন আর নারকেলের ছোবড়া থেকে বোনা শক্তপোক্ত 'কাতা' বা দড়ি-এই দুই প্রধান কুটির শিল্পের মেলবন্ধনেই নাকি জন্ম নিয়েছিল এই শহরের আদি নাম। মজার একটি গল্প শোনা যায়, সাতসমুদ্র তেরো নদী পার হয়ে আসা জব চার্ণক নাকি কোনো এক স্থানীয় ঘাসকাটুরেকে জিজ্ঞেস করেছিলেন এই জায়গার নাম কী। ভাষা না বুঝে সেই সরল চাষি ভেবেছিলেন সাহেব বুঝি জানতে চাইছেন ঘাসটা কবে কাটা হয়েছে। তিনি কাঁচুমাচু মুখে উত্তর দিয়েছিলেন, "কাল কাটা"। সাহেব নিজের ডায়রিতে সেই শব্দই টুকে নিয়েছিলেন 'ক্যালকাটা' হিসেবে। ঐতিহাসিক সত্যতা না থাকলেও, এই গল্পে বাঙালির স্বভাবসুলভ রসবোধের ছোঁয়া স্পষ্ট ।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জনপদ পত্তনের পরে যখন ডিহি কলিকাতা, গোবিন্দপুর ও সুতানুটি- এই তিনটে গ্রামের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করে নেয়। তখন তারা তিনটে গ্রামকে একসঙ্গে করে নাম দেয় “কলিকাতা/কালিকাতা” (Kalikata)। এটা ছিল ইংরেজদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। দক্ষিণ ভারতের কালিকট(Calicut) থেকে চলা পর্তুগীজ বাণিজ্যের সাথে প্রতিযোগিতা করার জন্য ব্রিটিশরা এই বুদ্ধি কাজে লাগিয়েছিল। তাঁরা তাদের রপ্তানি পণ্য সামগ্রীর ওপরে 'ক্যালকাট” স্ট্যাম্প মেরে, কালিকট-এর পণ্য প্রচার করে বিক্রি করতো। প্রায় তিনশো বছর ধরে এই নামেই বিশ্ব চিনেছে এই সাংস্কৃতিক রাজধানীটিকে।
অবশেষে ঔপনিবেশিকতার সেই পুরনো খোলস ঝেড়ে ফেলে, নিজের হারানো শিকড় আর বাংলা ভাষার নিজস্ব মাধুর্যকে ফিরিয়ে আনতে ২০০১ সালের ১লা জানুয়ারি এই শহর পুনরায় তার চির চেনা নাম ফিরে পায়। 'ক্যালকাটা'র রাজকীয় গাম্ভীর্য মুছে গিয়ে এই শহর হয়-'কলকাতা'। এই নাম কেবল একটি শহরের পরিচিতি নয়, এই নামটাই একটা গোটা ইতিহাস, যা গঙ্গার হাওয়া আর তিলোত্তমার গলির মোড়ে আজও ফিসফিস করে নিজের গল্প বলে যায়।