নদী, জঙ্গল, খাঁড়ির দেশ, মানুষ আর বাঘের একসঙ্গে সহাবস্থান যেখানে। যেখানে এখনও দিনের বেলা ঢুকতে গেলে ভয় বুক কাঁপে, সেই জায়গা আমাদের সুন্দরবন। বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধলেই কপালে ভাঁজ পড়ে এরাজ্যের দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের মানুষের। আসলে ঘরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। তবে এসবের মাঝে এক চিলতে ভরসার জায়গা হয়ে থেকে গেছে সুন্দরবন। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর ধেয়ে আসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মাঝে দৃশ্যমান অথচ দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ অরণ্য। আয়লা, আমফান, ইয়াস থেকে শুরু করে সাম্প্রতিক ঘূর্ণিঝড়-প্রতিবারই সমুদ্রের বুক থেকে ধেয়ে আসা তাণ্ডবকে নিজের শরীরে মেখে নিয়ে কলকাতা ও বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলকে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে এই বাদাবন।
ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা নির্ভর করে বাতাসের গতিবেগের ওপর। সুন্দরবনের সুন্দরী, গরান, গেঁওয়া, কেওড়া আর বাইনের ঘন জঙ্গল বিশাল একটি প্রাকৃতিক দেওয়াল হিসেবে কাজ করে। প্রবল বেগে ছুটে আসা ঝোড়ো হাওয়া এই লক্ষ লক্ষ গাছের ডালপালা ও পাতার জঙ্গলে ধাক্কা খেয়ে ঘর্ষণের ফলে তার গতিবেগ অনেকটাই স্তিমিত হয়ে আসে। পরিবেশবিদদের একাংশের মতে, ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল ঝড়ের তীব্রতাকে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। সুন্দরবন না থাকলে যে কোনো বড় ঝড় কলকাতায় আছড়ে পড়লে তার তাণ্ডব এবং ক্ষতির পরিমাণ কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়াবে।
ঘূর্ণিঝড়ের চেয়েও অনেক সময় বেশি ক্ষতির কারণ হয়ে ওঠে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এই ম্যানগ্রোভ উদ্ভিদের জটিল ও বিস্তৃত শিকড় যাকে আমরা শ্বাসমূল বলি, মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। সমুদ্রের প্রবল ঢেউ উপকূলে আছড়ে পড়লে, এই শিকড়ের জাল ঢেউয়ের প্রচণ্ড শক্তিকে শুষে নেয় এবং জলের উচ্চতা কমিয়ে দেয়। এর ফলে ঢেউয়ের ধাক্কায় নদীবাঁধ ভাঙার প্রবণতা কমে এবং নোনা জল লোকালয়ে ঢুকে চাষের জমি ও পুকুরের ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমে যায়। সেই সাথে এই শ্বাসমূল ভূমিক্ষয় কম করে ভাঙন রোধে সহায়তা করে।
যে অরণ্য প্রতিবার বড় বড় প্রাকৃতিক দুর্যোগের মুখে আমাদের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে আছে, সেই সুন্দরবন আজ নিজেই কতটা সুরক্ষিত? জলবায়ু পরিবর্তন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের আঘাতে বারবার ক্ষতবিক্ষত হয়েছে এই বাদাবন। তার ওপর মানুষের লোভ আর অপরিকল্পিত নগরায়ণের থাবায় কমছে ম্যানগ্রোভের ঘনত্ব। সেই সঙ্গে বঙ্গোপসাগরে পাল্লা দিয়ে বাড়ছে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের পরিমাণ। ভারতের পূর্ব উপকূলের অর্থনীতি, বাস্তুতন্ত্র এবং কোটি মানুষের প্রাণ বাঁচাতে হলে এই প্রাকৃতিক দেওয়ালকে আরও মজবুত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সুন্দরবন বাঁচলে তবেই সুরক্ষিত থাকবে আমাদের প্রিয় বাংলা।