Calcutta Television Network

'ওদের' একজন হয়েই থেকে গেলেন কালী বন্দ্যোপাধ্যায়

'ওদের' একজন হয়েই থেকে গেলেন কালী বন্দ্যোপাধ্যায়
23 November 2026 • 02:00:28 pm

"...শুনেছি ওরা ভেড়া কেনাবেচা করে, কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজো ছেলেকে দেখাবো, আমার মনে হয় ওদের চারপেয়ে ভেড়ার চেয়ে দুপেয়ে ভেড়ার দাম বেশি দেবে!"- নব্বইয়ের দশকে মোটামুটি বাংলা সিনেমার সাথে যারা পরিচিত, তাদের কাছে এই ডায়ালগটা বোধহয় বড্ড চেনা। আরও একটু পিছিয়ে গেলে বাংলা সিনেমার স্বর্ণযুগে উত্তম-সৌমিত্রর নায়কোচিত গ্ল্যামারের পাশাপাশি এমন কিছু অভিনেতা ছিলেন, যাঁদের ছাড়া বাংলা চলচ্চিত্র একপ্রকার অসম্পূর্ণ। তেমনই একজন অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়। নায়কোচিত নয়, সাধারণ চেহারা নিয়ে যিনি অনায়াসে হয়ে উঠেছিলেন ঋত্বিক, সত্যজিৎ আর মৃণাল সেনের মানসপুত্র। সাধারণ মধ্যবিত্ত বা প্রান্তিক মানুষের যন্ত্রণা ও সূক্ষ্ম অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার দক্ষতা কালী বন্দ্যোপাধ্যায়কে সবার থেকে আলাদা করে রেখেছিল। 'ওদের' একজন হয়েই থেকে গেলেন কালী বন্দ্যোপাধ্যায়।


কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯২০ সালের ২০ নভেম্বর, কলকাতার কালীঘাটে। কৈশোর থেকেই তিনি ছিলেন স্বাধীনচেতা। স্বদেশি আন্দোলন বা দিল্লিতে মোটা বেতনের চাকরি ছেড়ে দেওয়া-ওনার দুরুন্ত জীবনের ছোট্ট ক্লিপিংস পাত্র। অবশেষে চল্লিশের দশকে ‘ভারতীয় গণনাট্য সংঘ’ (IPTA)-এ যোগ দেন কালী বাবু। থিয়েটার, নাটক যুগ যুগ ধরে দক্ষ অভিনেতা তৈরি করে এসেছে। আর কালী বাবুকেও গণনাট্যের সেই দিনগুলোই অভিনয়ে সামাজিক দায়বদ্ধতা ও দক্ষতার ভিত গড়ে দেয়।

১৯৪৭ সালে ‘বর্মার পথে’ ছবিতে আত্মপ্রকাশ করলেও তিনি রাতারাতি জনপ্রিয়তা পান ১৯৫১ সালে ‘বরযাত্রী’ ছবিতে ‘তোতলা গণশা’-র চরিত্রে অভিনয় করে। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি, বাংলা সিনেমার তিন দিকপালের হাতে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। ঋত্বিক ঘটকের ‘নাগরিক’ ও ‘বাড়ি থেকে পালিয়ে’-তে অভিনয়ের পাশাপাশি ১৯৫৮ সালে ‘অযান্ত্রিক’ ছবিতে ট্যাক্সি ড্রাইভার বিমলের চরিত্রে তিনি নিজের জীবনের সেরা অভিনয় করেন। ‘জগদ্দল’-এর প্রতি তাঁর ভালোবাসা ও বিচ্ছেদবেদনা আজও দর্শকদের চোখে জল আনে।  সত্যজিতের ‘অপরাজিত’ (১৯৫৬), ‘পরশপাথর’ (১৯৫৮) এবং ‘তিন কন্যা’ (১৯৬১)-র ‘পোস্টমাস্টার’ পর্বে তাঁর সূক্ষ্ম অভিনয় ছবিগুলোকে সমৃদ্ধ করেছে। ‘নীল আকাশের নীচে’ (১৯৫৯) ছবিতে চিনা ফেরিওয়ালা ‘ওয়াং লু’-র চরিত্রে তাঁর নিখুঁত অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়ে এসেছে। 


তপন সিংহের ‘কাবুলিওয়ালা’, ‘হাঁসুলী বাঁকের উপকথা’ থেকে শুরু করে হৃষিকেশ মুখোপাধ্যায়ের হিন্দি ছবি ‘বাবুর্চি’ (১৯৭২)-সর্বত্রই তিনি ছিলেন অনবদ্য। তারপর সময় বদলালো, বাংলা সিনেমার মান তখন নিম্নগামী। সেই বিষয়ে আক্ষেপ ছিল তাঁর। আশির দশকে অঞ্জন চৌধুরী ও তরুণ মজুমদারের বাণিজ্যিক ছবিগুলিতে ‘দাদার কীর্তি’, ‘গুরুদক্ষিণা’, ‘ছোট বউ’-অভিভাবকের চরিত্রে অভিনয় করে তিনি বাঙালির ঘরের মানুষ হয়ে ওঠেন। কিন্তু ওনার অভিনয় দক্ষতাকে কমপ্লিমেন্ট করতে পারে এমন কোনো চরিত্র বা পরিচালক বা গল্প সেই সময় কোনোটাই তিনি পাননি। আর্থিক সংকট মেটাতেই সেই সময়টা অনেক রকমের চরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছেন কালী বাবু। তাঁর জীবনের শেষ ছবি তান্ত্রিক। শ্যুটিংয়ে পরেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ১৯৯৩ সালের ৫ জুলাই, জীবনের নাট্যমঞ্চ থেকে চিরবিদায় নেন। রেখে গেলেন বাংলা সিনেমার কিছু স্বর্ণালী সময়কে।