Calcutta Television Network

আলিপুর নয়, এশিয়া তথা ভারতের প্রথম চিড়িয়াখানা তৈরি হয়েছিল ব্যারাকপুরেই

আলিপুর নয়, এশিয়া তথা ভারতের প্রথম চিড়িয়াখানা তৈরি হয়েছিল ব্যারাকপুরেই
5 November 2026 • 12:50:44 pm

যে সময়টার কথা তখনও আলিপুর চিড়িয়াখানা তৈরি হয়নি কলকাতায়। কিন্তু চিড়িয়াখানা তো একটা ছিল, সেটা কলকাতা না হলেও একটু মফস্বলে। তখন ব্যারাকপুরের নাম ছিল চানক। তবে ব্যারাকপুরের এ হেন নাম কেন হয়েছিল তা অবশ্য জানা যায়নি। ১৭৭২ সালে কোম্পানির ফৌজি ব্যারাক তৈরি হওয়ার পরে, চানক নাম পাল্টে হল ব্যারাকপুর। কলকাতার পরেই ব্যারাকপুরে হল দ্বিতীয় রাজধানী, লাট সাহেবের বাগানবাড়ি, প্রমোদ ভ্ৰমণের জন্য সাহেবদের কুঠি আরও কত কিছু! 

সেই একটা কুঠিকেই বাংলো বানানোর পরিকল্পনা করলেন লর্ড ওয়েলেসলি। সালটা ১৮০৪, কাজ শুরু হল, কিন্তু খরচের বহর দেখে কোম্পানির চোখ কপালে, দেশে ডাক পড়লো ওয়েলেসলির। ব্যারাকপুরে পড়ে রইলো তাঁর অসমাপ্ত প্রাসাদ, বাগান আর প্রমাণ সাইজের চিড়িয়াখানা। অনেকেই ভাবতে পারেন এই চিড়িয়াখানা স্রেফ লাটবাহাদুরি চালের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বিষয়টা ছিল, ওয়েলেসলি চেয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পড়ুয়াদের জন্য একটা ন্যাচারাল হিস্ট্রি ইনস্টিটিউশন গড়ে তোলা। সেটা প্রথমে গার্ডেনরিচে করার কথা হলেও স্থানান্তর হয়ে সেই চিড়িয়াখানা ব্যারাকপুরে যায়। 


চিড়িয়াখানার বাজেট মাসে হাজার সিক্কা। পশুপাখির খাওয়াদাওয়ার খরচ ৫০০ টাকা, নতুন জন্তু কেনার জন্য বরাদ্দ হল ৩০০ টাকা। দেশের নানা জায়গা থেকে আসতে শুরু করল জন্তু। ফ্রান্সিস বুকানন নিযুক্ত হলেন তত্ত্বাবধায়ক ও গবেষক হিসাবে। বিদেশ থেকেও জন্তু আসা শুরু হল চিড়িয়াখানায়। জমজমাট সব কিছু। কিন্তু ওয়েলেসলি ফিরে যেতেই বেহাল হল চিড়িয়াখানার হাল। কিন্তু সুদিন-দুর্দিনেও এই চিড়িয়াখানা বেঁচে ছিল প্রায় পৌনে একশো বছর। 

১৮১০ সালে মারিয়া গ্রাহাম নামের এক ভদ্রমহিলা লিখে গেছেন, এখানে এসে তিনি বাঘ, ভল্লুক ছাড়াও পেলিক্যান, ফ্লেমিংগো, জাভার পায়রা আরও অনেক কিছু দেখেছেন। এছাড়াও ছিল কালো চিতা, উটপাখি। ১৮১৮ সালে এখানে গড়ে ওঠে পক্ষীশালা। ১৮২৩ সালে লর্ড আমহার্স্ট বলেছিলেন, কী ছিল না এখানে ? তিব্বতের বাইসন, দক্ষিণ আফ্রিকার গাধা, ক্যাংগারু, সব। কিন্তু খরচ কমাতে আসতে আসতে বন্ধ হতে শুরু করল চিড়িয়াখানা। পশু-পাখি বিলিয়ে দেওয়া হল রাজারাজরাদের কাছে। লর্ড লিটনের আমলে এই চিড়িয়াখানায় তালা ঝুলল। বাকি যা ছিল জন্তু জানোয়ার সব চলে গেল সদ্য তৈরি হওয়া আলিপুর চিড়িয়াখানায়। চিরকালের মত হারিয়ে গেল ওয়েলেসলির এই সাধের চিড়িয়াখানা।   

তথ্যসূত্র: কলকাতা, শ্রীপান্থ