Calcutta Television Network

পটলডাঙার অলিগলি, টেনিদা আর ডি-লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস

 পটলডাঙার অলিগলি, টেনিদা আর ডি-লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস
16 November 2026 • 03:02:28 pm

উত্তরের কলকাতা, প্রতিটা গলি আজও ফিসফিসিয়ে গল্প বলে যায়। সেখানে পটলডাঙ্গা স্ট্রিট, গলিটাই একটা গোটা গল্প। টেনি মুখুজ্জে, তাঁর তিন চ্যালা, হাবুল, প্যালা, ক্যাবলা-আমাদের শৈশবের অনেকটা সময় জুড়েই মনের আঙিনায় দাগ কাটতো। সূর্যসেন স্ট্রিটকে বাঁয়ে ফেলে, আমহার্স্ট স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের ক্রসিং থেকে একটু এগিয়ে গেলেই পটলডাঙ্গা। ২০ নম্বর পটলডাঙা স্ট্রিটের বাসিন্দা প্রভাতকুমার মুখোপাধ্যায় কখন যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কল্যাণে হয়ে গিয়েছিলেন ভজহরি মুখুজ্জে। সময় বাড়লেও বাঙালির কাছে আজও সে টেনিদা-ই থেকে গেছেন।  


ছিপছিপে চেহারা, খাঁড়া নাক আর ছাপাখানার ব্যবসা। সেই বাড়িতেই ভাড়াটে হয়ে আসেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। ১৯১৮ সালের ৪ ফেব্রুয়ারি  দিনাজপুরে জন্ম তাঁর। লেখাপ়ড়া শেষ করে অধ্যাপনায় শুরু করেন নারায়ণ বাবু। আর এই পটলডাঙ্গা থেকেই জন্ম হয় টেনিদার। সাহিত্যপ্রেমী বাঙালির কাছে পটলডাঙা মানেই চাটুজ্জেদের সেই বিখ্যাত রোয়াক। খাঁড়া নাক আর ৩৬ ইঞ্চি ছাতি নিয়ে টেনিদার "ডি-লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস" হাঁক আজও যেন এই গলিতে ভেসে বেড়ায়। চাটুজ্জেদের সেই বাড়ি বিক্রি হয়ে গেলেও, পটলডাঙার সাহিত্যিক আভিজাত্য একটুও ম্লান হয়নি।

তবে কেবল কল্পকাহিনি নয়, বাস্তব ইতিহাসেও পটলডাঙা স্ট্রিটের গুরুত্ব অপরিসীম। উনিশ শতকের বাংলার নবজাগরণ ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছিল এই অঞ্চল। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময় এই পটলডাঙায় বইয়ের দোকান পরিচালনা করতেন। এছাড়া এখানকার প্রাচীন বসুমল্লিক বাড়ির ঠাকুরদালানে শতাব্দীর সূচনালগ্নে প্রায় হাজারখানেক ছাত্রের সামনে বক্তৃতা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদধূলিও পড়েছিল এই পাড়ার বনেদি বাড়িগুলোতে। 

চাটুজ্জেদের রোয়াক ছিল চার মূর্তির মিলনস্থল। টেনিদার নেতৃত্বে হাবুল সেন, ক্যাবলা আর প্যালারামের সেই আড্ডা আজও বাঙালি পাঠকের স্মৃতিতে অমলিন। টেনির পকেটে পয়সা থাকুক বা না থাকুক, প্যালার পয়সায় তেলেভাজা কিংবা আলুর দম সাবাড় করতে তাঁর জুড়ি মেলা ভার ছিল। স্বভাবে খচ্চর হলেও, বিপদের দিনে টেনিদার বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস ছিল অসীম। ক্যাবলার তীক্ষ্ণ বুদ্ধি আর হাবুলের ঢাকাই বুলির সঙ্গে টেনিদার এই বেপরোয়া স্বভাব পটলডাঙ্গাকে মাতিয়ে রেখেছিল সেই সময়ে।


সময়ের স্রোতে আজ পটলডাঙ্গা স্ট্রিটের চেহারা অনেকটাই বদলেছে। সাবেকি লাল রঙের দালানবাড়ি আর পাড়ার সেই পরিচিত রক আজ আধুনিকতার ভিড়ে অনেকটাই ম্লান। ব্যস্ত কলকাতার যান্ত্রিক কোলাহলে হারিয়ে যেতে বসেছে নির্ভেজাল আড্ডার সংস্কৃতি। তবুও পটলডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে আজও কান পাতলে যেন শোনা যায় চার মূর্তির কলরব। মনে হয়, এই বুঝি গলির মোড় থেকে বেরিয়ে আসবেন টেনিদা, সাথে তাঁর "ডি-লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস" হাঁক।