Calcutta Television Network

ওয়ারেন হেস্টিংস চিঠি খুঁজতে আজও আসেন

ওয়ারেন হেস্টিংস চিঠি খুঁজতে আজও আসেন
6 November 2026 • 01:25:48 pm

কবি জীবনানন্দ দাস-এর 'কল্লোলিনী তিলোত্তমা'-র বয়স বেড়ে হয়েছে প্রায় ৩৩৬ বছর। এতগুলো বছর ধরে, মানুষ ছাড়াও এই শহরের স্থায়ী বাসিন্দা তেনারাও। একদমই ঠিক ধরেছেন, ভূত। অবশ্য হাইরাইজ আর ফ্ল্যাট বাড়ির ঠেলায় তাঁরা এখন রীতিমত কোণঠাঁসা। তাই এখনও হয়ত শহরের পুরানো বাড়ি বা, ওই কোণা-খামচিতে তাঁদের দেখা মিললেও মিলতে পারে। এরকমই পুরানো আর বহু ইতিহাসের সাক্ষী 'হেস্টিংস হাউজ'। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নামাঙ্কিত এই ভবনটি নিয়ে কলকাতার মানুষের কৌতূহল ও জল্পনার শেষ নেই। আর তা হবে নাই বা কেন? শহরের সবচেয়ে চর্চিত 'ভূতুড়ে বাড়ি' গুলোর তালিকায় যে এই হেস্টিংস হাউজের নাম এক্কেবারে ওপরের দিকে!

অষ্টাদশ শতাব্দীতে তৈরি এই বাড়িটি শুধু স্থাপত্যের দিক দিয়েই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বিতর্কিত ইতিহাসও। জানা যায়, বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়ারেন হেস্টিংস এই বাড়িটি তাঁর নিজস্ব বাসভবন হিসেবেই ব্যবহার করতেন। যদিও কেউ কেউ বলেন তিনি এখানে স্থায়ীভাবে থাকতেন না, তবুও তাঁর নামেই এটি পরিচিত হয়ে ওঠে। হেস্টিংসের ক্ষমতাচ্যুতি, তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট মামলা এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডে ফিরে যাওয়া, সব মিলিয়ে বেশ রহস্য রেখে যায় এই বাড়িটা।

প্রায় দেড় দশক ধরে এই ভবন থেকেই প্রশাসনিক কার্য পরিচালনা করতেন তিনি। ১৮৭৫ সালে তিনি ব্রিটেনে ফিরে গেলেও, তাঁর আত্মা কলকাতা ছাড়তে পারেনি। আশেপাশে কান পাতলেই শোনা যায়, গভীর রাতে ঘোড়ার গাড়ির এগিয়ে আসার শব্দ, কাঠের দরজার ক্যাঁচক্যাঁচ, যেন কোনও অশরীরী গাড়ি থেকে নেমে  ভিতরে ঢুকে যান । অনেকে বলে, তারা এর চেয়েও অদ্ভুত কিছু দেখেছেন। একজন লোক, সাহেবদের পোশাকে  ড্রয়ার আর আলমারি তছনছ করছে, কাগজের খসখস শব্দ, উন্মত্ত অনুসন্ধানের তাড়নায় ফাইলপত্র এদিক-ওদিক ছোড়াছুড়ি। ভূত শিকারিদের কথায়, হেস্টিংস সাহেবই নাকি আজও ফিরে আসেন কালো বাক্স উদ্ধারের আশায়, এক সময় যে বাক্সে তাঁর জীবন-মৃত্যু লুকিয়ে ছিল। 

আজকের আলিপুর কিন্তু অনেক বদলে গেছে। তবে ট্রাফিকের শব্দ, ঝা-চকচকে হাইরাইজ আর ব্যস্ততার মাঝেও হেস্টিংস হাউজ নিজের রহস্য নিয়েই দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা রাতের ঘরে গেলেই আজও বাতাসে ভেসে বেড়ায় ব্রিটিশ জমানার কোনো এক না বলা গল্প। আপনি কি কখনো মাঝরাতে ওই চত্বর দিয়ে হেঁটেছেন? সাহস করে একবার তাকিয়ে দেখতে পারেন এই বাড়িটির দিকে, কে জানে, হয়তো আপনিও শুনতে পাবেন ঘোড়ার কোচের চাকার শব্দ!