Calcutta Television Network

বাটার পেপারের মোড়কে ৫৩ বছর, বাপুজি কেক আজও পেট ভরায় মধ্যবিত্তের

বাটার পেপারের মোড়কে ৫৩ বছর, বাপুজি কেক আজও পেট ভরায় মধ্যবিত্তের
11 November 2026 • 12:57:23 pm

ফিনফিনে বাটার পেপার, তেলতেলে মোড়ক, আর এক টুকরো টিফিন কেক, কি? খুব চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাপুজি, সেই 'R' চিহ্ন দেওয়া কেক। প্যাকেট খুললেই ভেসে আসে ছোটবেলা, টিফিনটাইম, কলেজের দিন আড্ডা আর নস্টালজিয়া। নভেম্বর মাসের মোটামুটি মাঝামাঝি সময়, ভোরের দিকে গা শিরশিরানি জানান দেয় শীত আসছে। আর শীত মানেই পিকনিক, আড্ডা, খাওয়াদাওয়া আর কেক। আর কেকের কথা উঠলেই প্রথম যার কথা মনে আসে সে হল বাপুজি। হালকা ভ্যানিলা ফ্লেভারের, ফ্রুট কেক আর একটা ছোট্ট মোরব্বার টুকরো। ব্যস, স্বর্গ!


১৯৭৩ সালে শুরু হয়েছিল বাপুজি কেকের যাত্রা, মাত্র ৬০ পয়সায়। প্রয়াত উদ্যোগপতি অলকেশ জানা শুরু করেন নিউ হাওড়া বেকারি, আর বাপুজি কেক তৈরি শুরু হয় এই বেকারিতে, সাথে বিস্কুট-পাউরুটিও। কম দামের কিন্তু গুণগত মান ভালো হওয়ার কারণেই খুব অল্প সময়ে বাপুজি কেক সাধারণ মানুষ, শ্রমিক বা পথচলতি মানুষের কাছে সহজলভ্য টিফিন হয়ে উঠলো। আর সেখানেই বাজিমাত করল বাপুজি। একটা কেক আর এক গ্লাস জল, এখনও মধ্যবিত্ত মানুষের পেট ভরিয়ে আসছে। স্কুলের টিফিন, ট্রেনসফর, বিকেলের চা কিংবা অফিস বা কলেজের আড্ডা-সব ক্ষেত্রেই বাপুজি কেক আজও সমান জনপ্রিয়। এক ভাঁড় গরম চা আর এক পিস বাপুজি কেক যেন বাঙালির বিকেলের আড্ডার চিরকালীন সঙ্গী।


বর্তমানে অলোকেশ জানার দুই সুযোগ্য পুত্র অমিতাভ জানা ও অনিমেষ জানা এই ঐতিহ্যবাহী ব্যবসাটি পরিচালনা করছেন। গত পাঁচ দশকে পৃথিবী অনেক বদলেছে, আকাশছোঁয়া হয়েছে দ্রব্যমূল্য। তবুও বাপুজি কেক তার মূল রেসিপি এবং পকেটসই দামের নীতি থেকে সরে আসেনি। আজও মাত্র ৮ টাকায় বিক্রি হওয়া এই কেকের দৈনিক চাহিদা প্রায় এক লক্ষ পিস। প্লাস্টিকের চকচকে প্যাকেটের বদলে আজও সেই চিরচেনা বাটার পেপারের মোড়কেই ধরা থাকে বাপুজি কেকের আভিজাত্য। আসলে বাপুজি কেক কখনোই শুধু কেক ছিলই না, সময়ের সাথে সাথে একটা গোটা প্রজন্মের শৈশব, মধ্যবিত্তের স্বস্তি আর এক টুকরো নস্টালজিয়া হয়ে থেকে গেছে।