ইঁদুর গণেশের বাহন, মহারাষ্ট্রে ইঁদুরকে অনেকেই পূজা করে থাকেন। কিন্তু সেই ইঁদুর-ই অল্প অল্প করে ফাঁপা করে ফেলছে শহর কলকাতাকে। হ্যাঁ, ভাবতেই পারেন একটা ছোট্ট ইঁদুরের এতখানি ক্ষমতা? বিষয়টা গল্প হলেও একদমই সত্যি আর এই ইঁদুর-ই ঘুম কেড়েছে পরিবেশবিদ ও পুরসভার। তিলোত্তমা কল্লোলিনী, গতিতে ছুটে চলেছে গাড়ি, বাস, ট্রাম। পাতাল চিঁড়ে আভিজাত্য নিয়ে চলেছে ভারতের প্রথম মেট্রোরেল। মাথা উঁচু করে এ শহরের বুকে দাঁড়িয়ে আছে কতশত হাইরাইজ, সাধের হাওড়া ব্রিজ। ৩০০ বছরে একটুও ফাঁটল ধরেনি কলকাতার আভিজাত্যে। কিন্তু শহরের মাটির তলায় ফাঁটল ধরেছে বিস্তর, মাটি আলগা হচ্ছে কল্লোলিনীর। উপরে অট্টালিকা, শপিং মল, ফ্লাইওভার, আর নিচে ফাঁপা হয়ে যাচ্ছে মাটির স্তর। একদিকে মাটির নীচ থেকে অনিয়ন্ত্রিত জল উত্তোলন, অন্যদিকে ইঁদুরের তীক্ষ্ণ দাঁতের আগ্রাসন, দুইয়ের সাঁড়াশি আক্রমণে বিপন্ন আজ তিলোত্তমা। ভূতত্ত্ববিদরা আশঙ্কা করেছেন, ছয় বা তার বেশি মাত্রার ভূমিকম্পে বেশ ভয়ঙ্কর রকমের ক্ষতির সম্মুখীন হতে পারে কলকাতা।
এর নেপথ্যে কিন্তু রয়েছে ওই ছোট্ট একটি প্রাণী, ইঁদুর। এমনিতেই ইঁদুরের প্রজনন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে হয়ে থাকে। অনুকূল পরিবেশে মাত্র এক জোড়া ইঁদুর থেকে এক বছরে ২,০০০ থেকে ৩,০০০টি পর্যন্ত নতুন ইঁদুরের জন্ম হতে পারে। আর সেখানে কলকাতার মাটিতে রয়েছে হাজার থেকে কয়েক লক্ষ ইঁদুর। শহরের যত্রতত্র গড়ে ওঠা ফুটপাথে খাবার দোকান ও সংলগ্ন এলাকায় অপরিকল্পিত বর্জ্য থেকে দিনের রোজকার খাবারের চাহিদা মিটিয়ে নেয় ইঁদুররেরা । রাজপথের পাশে পড়ে থাকা বিরিয়ানির হাঁড়ি বা ফাস্টফুডের উচ্ছিষ্ট খেয়ে খেয়ে শহরের ইঁদুরগুলো পরিণত হয়েছে বিশালকার ব্যান্ডিকুটে । শুধু উত্তর থেকে দক্ষিণই নয়, ইঁদুর বংশ তাঁর সাম্রাজ্য বিস্তার করেছে বিধানসভা ভবন বা কলকাতা পুরসভার নিজস্ব ভবনের তলাতেও ।
এই ইঁদুরবাহিনীর শহরের মাটির তলা দিয়ে সুড়ঙ্গ খননের সরাসরি প্রভাব পড়ছে শহরের গঠনে। মাটির গভীর পর্যন্ত ঢুকে এরা এমনভাবে জায়গাটি আলগা করে দিচ্ছে যে, হঠাৎ করেই বসে যাচ্ছে শহরের রাস্তা, ফ্লাইওভার। অতি সম্প্রতি শহরের বেশ কিছু বড় ফ্লাইওভার,তার মধ্যে ঢাকুরিয়া ও এজেসি বোস রোড ফ্লাইওভার, কংক্রিটের শক্ত পিলারের গোড়ার মাটি খুঁড়ে নড়বড়ে করে দিয়েছে গোটা সেতু। কয়েকশো বছর পুরোনো ভূগর্ভস্থ ইটের ড্রেনেজ লাইন সহ কারেন্টের তার নষ্ট করে ফেলার পেছনেও রয়েছে এদের ইঁদুরের দাঁত।
তবে এই মুহূর্তে সমস্যাটি কেবল ইঁদুরেই সীমাবদ্ধ নেই, সঙ্গে যুক্ত হয়েছে গভীর জলসংকট। অতিরিক্ত জনসংখ্যা ও বহুতল গড়ে ওঠার কারণে শহর কলকাতা প্রতিদিন মাটির তলা থেকে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জল শুষে নিচ্ছে। এই অনিয়ন্ত্রিত জল উত্তোলনের কারণে মাটির নিজস্ব জলের লেভেল নেমে গেছে অনেকটাই, ফলে ভূগর্ভে তৈরি হচ্ছে শূন্যস্থান। ওপরের প্রকাণ্ড কংক্রিটের ভার বহনের ক্ষমতা হারাচ্ছে মাটির নিচের স্তর। জল কমে গিয়ে যেখানে মাটি জল শূন্য, ঠিক সেই ফাঁপা অংশে জাঁকিয়ে বসছে ইঁদুরের সাম্রাজ্য। আপাতত এই জোড়া ফলার সামনে শহর কলকাতা গুরুতর ঝুঁকিতে রয়েছে। পুর কর্তৃপক্ষ ইঁদুর দমনে বেশ কিছু ব্যবস্থা নিলেও বিজ্ঞানীদের মতে এটি সাময়িক মলম মাত্র। শহরে পেঁচা, চিল বা শেয়ালের মতো শিকারি প্রাণীদের বাস্তুতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ইঁদুরের বংশবৃদ্ধি এখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে।
আপাতত কল্লোলিনীকে বাঁচাতে প্রয়োজন সঠিক নাগরিক সচেতনতা ও সুপরিকল্পিত নগরায়ণ। যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য খাদ্য ফেলা বন্ধ না করলে ইঁদুরের এই আক্রমণ থামানো অসম্ভব, কারণ এই খাদ্যই ইঁদুরের বংশবৃদ্ধিকে আরও গতি দিচ্ছে। একই সাথে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমিয়ে বৃষ্টির জল সংরক্ষণ বা গঙ্গা থেকে পরিশোধিত জলের ব্যবহারে জোর দিতে হবে। নাহলে অদূর ভবিষ্যতে কোনও এক দুর্যোগে তিলোত্তমার বুকেই নেমে আসতে পারে এক মহাবিপর্যয়, যা আমরা কেউ অস্বীকার করতে পারিনা।